প্রতিবন্ধী ক্রিকেট: লক্ষ্য এবার ফাইনালে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শারীরিক প্রতিবন্ধীদের এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ সফলতার প্রত্যাশার কথা শোনা গেছে বাংলাদেশ দলের কোচের কাছ থেকে, অন্তত ফাইনাল খেলার আশা করছেন অধিনায়ক।
বাংলাদেশ দলের অধিনায়ক মো. আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ফর্মেটে আমরা দুই বছর ধরে ক্রিকেট খেলি। টার্গেট অন্তত ফাইনালে যাওয়া।
“এবার একটা ভালো দিক আছে, ভালো ভালো নতুন খেলোয়াড় আছে, সবাই ফর্মে আছে, যে ত্রুটি ছিল হয়েছে, তা কাটিয়ে ভালো করার চেষ্টা করব।”
ফাইনালেও জয়ে আশাবাদী প্রধান কোচ ও ম্যানেজার মাসুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাপ্টেন নিজে ভালো অলরাউন্ডার। ধ্রুপম পত্রনবীশ তীর্থ স্পিনার, ব্যাটিংয়ের কাজও তার বেশ ভালো। এছাড়া রিয়াদুল ইসলাম রিঙ্কুও নির্ভরযোগ্য।
“রিয়াদুল ভালো ফর্মে আছে। মিডল অর্ডারে জাভেদ ভূইয়াও ভালো ফর্মে। এরা যদি তাদের নামের যথাযথ বিচার করতে পারলে ম্যাচ বেরিয়ে যাবে। মোটামুটি এরা ঠিকমতো খেলতে পারলে আমরাই সব পেয়ে যাব।”
২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ‘দ্য আইসিসি একাডেমি পিডি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০১৬’ এ বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান।
খেলাগুলো হবে আইসিসি একাডেমি ওভালস, শারজাহ স্টেডিয়াম এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৪ অক্টোবর ফাইনাল খেলা।
কোচ মাসুদ বলেন, “ইংল্যান্ড এখানকার পরিবেশ জানে। কারণ তাদের কাছে এগুলো অপরিচিত কিছু না। আমাদের কাছে এগুলো অপরিচিত। তারপরও পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো হল মূল কাজ।”
কোচ ও ম্যানেজার মাসুদ হাসান
টুর্নামেন্ট খেলতে সোমবার দুবাই পৌঁছায় বাংলাদেশ দল। দলের সঙ্গে রয়েছেন টেকনিকাল অ্যাডভাইজার নাজমুল আবেদীন, ফিজিও মুজাদ্দেদ আলফে সানী।
গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই করা হয়।
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো গত বছর ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নেয় ভারত ও আফগানিস্তান।
আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দারুণ সূচনা করে। তবে পরদিনই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০ রানে পাকিস্তানের কাছে হেরে যায়।
উত্তেজনা ছড়ানো পরের ম্যাচে শেষ ওভারে গিয়ে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় আফগানিস্তান। শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ।
ওই প্রতিযোগিতায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
ওই টুর্নামেন্টটি সাড়া ফেলায় এবার দুবাইয়ে এ টুর্নামেন্টের আয়োজনটি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে আইসিআরসি।
বাংলাদেশ দলের সঙ্গে আইসিআরসির ফিজিক্যাল রিহেবিলিটেশন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমানও রয়েছেন।
বাংলাদেশ দল: মো. আলম খান (অধিনায়ক), অপূর্ব কুমার পাল (সহ-অধিনায়ক), এসএম শাহরিয়া শামীম, মো. মনিরুজ্জামান, মো. আমিন উদ্দিন, দ্রুপম পত্রনবিশ তীর্থ, মো. রাসেল শিকদার, মো. জাহিদ হাসান, ফয়সাল খান সুমিত, মোশাররফ হোসেন, রিয়াদুল ইসলাম রিঙ্কু, জাভেদ ভূইয়া, মো. আকবর, হোসেন সাজ্জাদ, মোজাম্মেল হক বাবু।
