২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি খেলতে দুবাইয়ে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল

শারীরিক প্রতিবন্ধীদের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 01:23 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ‘দ্য আইসিসি একাডেমি পিডি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০১৬’ নামের প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান।  

টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমি ওভালস, শারজাহ স্টেডিয়াম এবং দুবাই আইন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৪ অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

সোমবার এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই পৌঁছায় বাংলাদেশ দল। দলের সঙ্গে রয়েছেন টেকনিকাল অ্যাডভাইজার নাজমুল আবেদীন, প্রধান কোচ ও ম্যানেজার মাসুদ হাসান, ফিজিও মুজাদ্দেদ আলফে সানী।

গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) সহযোগিতায় এই আয়োজন করা হয়।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো গত বছর ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নেয় ভারত ও আফগানিস্তান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডের প্রতিবন্ধী ক্রিকেট দল। ওই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেই আয়োজন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।

সফল সেই আয়োজনে সুখস্মৃতি থেকেই দুবাইয়ে এ টুর্নামেন্টের আয়োজনটি করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে আইসিআরসি।

বাংলাদেশ দলের সঙ্গে আইসিআরসির ফিজিক্যাল রিহেবিলিটেশন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমানও রয়েছেন।

বাংলাদেশ দল: মো. আলম খান (অধিনায়ক), অপূর্ব কুমার পাল (সহ-অধিনায়ক), এসএম শাহরিয়া শামীম, মো. মনিরুজ্জামান, মো. আমিন উদ্দিন, দ্রুপম পত্রনবিশ তীর্থ, মো. রাসেল শিকদার, মো. জাহিদ হাসান, ফয়সাল খান সুমিত, মোশাররফ হোসেন, রিয়াদুল ইসলাম রিঙ্কু, জাভেদ ভূইয়া, মো. আকবর, হোসেন সাজ্জাদ, মোজাম্মেল হক বাবু।