২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিমুদ্দিন হত্যায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

ছয় মাস আগে অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 10:48 AM

Updated : 25 Jul 2022, 09:31 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে রাশিদুন নবী নামের ওই ব‌্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ ওই অভিযানে অংশ নেয় বলে জানালেও গ্রেপ্তার ব‌্যক্তির পরিচয় বলেননি মাসুদুর রহমান।

তিনি বলেন, সোমবার সংবাদ সম্মেলন করে এ ব‌্যাপারে বিস্তারিত তথ‌্য‌ প্রকাশ করা হবে।

গত বছর থেকে একের পর এক লেখক, ব্লগার, অনলাইন অ‌্যাক্টিভিস্ট, প্রকাশক জঙ্গি কায়দায় হামলার শিকার হওয়ার মধ‌্যেই চলতি বছর ৬ এপ্রিল রাতে পুরান ঢাকায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদ (২৭)। 

সিলেট শাখা বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক নাজিম গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। গেণ্ডারিয়ায় নিজের বাসায় ফেরার পথে সূত্রাপুরে তাকে ছুরি মেরে ও গুলি করে হত‌্যা করা হয়।

ফেইসবুকে ধর্মান্ধতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে সমালোচনামূলক লেখালেখি করা নাজিম খুন হওয়ার পর দেশ-বিদেশে নিন্দা হয়। হত্যাকারী চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষার্থীরা।

আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস এর বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম ওই হত‌্যাকাণ্ড ঘটিয়েছে বলে সে সময় খবর দিয়েছিল ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।

পুরনো খবর:

নাজিম হত্যায়ও আল-কায়েদা, দাবি সাইটের
নাজিম হত্যায় আনসার আল ইসলাম, ধারণা পুলিশের
অনলাইনে ধর্মান্ধতার বিরুদ্ধাচারী জগন্নাথের ছাত্রকে কুপিয়ে হত্যা