‘বিরূপ সময়ে লড়ে গেছেন রুদ্র’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাশাসন-স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসনের সময়ে প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, লিখেছেন স্বাধীনতার চেতনা-সম্প্রীতির ভাষা।
আশির দশকের জনপ্রিয় এই কবির জন্মবার্ষিকীতে এভাবে তাকে স্মরণ করলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সহযোদ্ধারা।
রুদ্রকে ‘তারুণ্যের দীপ্ত কবি’ অভিহিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “সামাজিক দায়বদ্ধতা আর রাজনৈতিক দর্শনের কথা কবিতায় ধারণ করেছিলেন রুদ্র। বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার চেতনা যখন ভুলুণ্ঠিত, তখন রুদ্রের কবিতায় ফুটে উঠেছে দেশপ্রেমের কথা, রুদ্র তখন লড়েছেন অসাম্প্রদায়িক সমাজ গড়ার আন্দোলনে।”
সময়কে কবিতায় তুলে এনেছিলেন রুদ্র, প্রশ্ন রেখেছিলেন স্বাধীনতা নিয়ে।
“আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা—একি হবে নষ্ট জন্ম?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
(বাতাসে লাশের গন্ধ)
অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী এই কণ্ঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানান গোলাম কুদ্দুছ।
“আজ রুদ্রর গান স্যাটেলাইট চ্যানেলের কল্যাণে ভারতেও জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু সেই গানগুলো যথাযথ সুরে গাওয়া হচ্ছে কি না, রুদ্রকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে,” বলেন তিনি।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ‘প্রথমে পোড়াই চলো অন্তর্গত ভীরুতার পাপ’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করে রুদ্র সংসদ।
সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিকও রুদ্রকে স্মরণ করেন।
সভার শুরুতে সূচনা বক্তব্যে রুদ্র সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী বলেন, “রোমান্টিকতার পাশাপাশি রাজনৈতিকভাবেও সোচ্চার এক কবি ছিলেন রুদ্র। তিনি একদিকে যেমন কবিতা লিখেছেন, তেমনি রাজপথের আন্দোলনেও সোচ্চার থেকেছেন।”
১৯৯১ সালে মাত্র ৩৪ বয়সে মারা যাওয়া রুদ্রকে শেষ বিদায় জানানোর স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ।
তিনি বলেন, “আমি রুদ্রের লাশটি যখন লাশঘরে রেখে আসি, তখন আমার শরীর কেমন ঝাঁকুনি দিল। কে জানে, জীবন বোধ হয় এমনই!
“রুদ্র তারুণ্যের প্রতীক, সাহিত্য আর বিশ্বলোকের কবিও সে।”
আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। প্রতিষ্ঠার পরে জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদকও ছিলেন রুদ্র।
জাতীয় কবিতা পরিষদের স্লোগান-‘শৃঙ্খলমুক্তির জন্য কবিতা’ তারই লেখা। এখন এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন মুহম্মদ সামাদ।
রুদ্রের কবিতা মূল্যায়নে মোহাম্মদ সাদিক বলেন, “আবহমান কালের বাংলা কবিতায় আমি রুদ্রকেই সফলতম কবি বলব। রুদ্র মাটিকে চিনেছেন, চিনেছিলেন জাতীয়তাবাদকে।
“তার কবিতার ছন্দ অসাধারণ। রুদ্র সেই বিরল সৌভাগ্যবানদের একজন, যারা জীবদ্দশাতেই জনপ্রিয়তা পেয়েছিলেন।”
স্মরণানুষ্ঠানের প্রধান অতিথি ড. মসিউর রহমান বলেন, “রুদ্রের ভেতরে একটি চেতনা কাজ করছিল, যা সমসাময়িক পরিস্থিতিতে তাকে প্রেরণা জুগিয়েছিল। সেখান থেকেই তার বিদ্রোহী চেতনা আসে। তার লেখায় ভাবের সঙ্গে প্রকাশের মিল পাওয়া যায়।”
স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।
তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘উপদ্রুত ঊপকূল’(১৯৭৯), ‘ফিরে পাই স্বর্ণগ্রাম’(১৯৮২), ‘মানুষের মানচিত্র’ (১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৬), ‘গল্প’ (১৯৮৭), ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮), ‘মৌলিক মুখোশ’ (১৯৯০)।
গল্প: ‘সোনালী শিশির’, ‘মনুষ্য জীবন’। কাব্যনাট্য: ‘বিষ বিরিক্ষের বীজ’।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারে ভূষিত হন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। কবির স্মরণে বাগেরহাট জেলার মংলার মিঠেখালিতে গড়ে উঠেছে ‘রুদ্র স্মৃতি সংসদ’।
