শি জিনপিংকে বরণে প্রস্তুত বাংলাদেশ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বরণে প্রস্তুত এখন ঢাকা, যার সফরকে সম্পর্কের ‘নতুন যুগের সূচনা’ বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির রাষ্ট্রপ্রধান দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকায় নামবেন। গত তিন দশকে তিনিই চীনের প্রথম প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশে আসছেন।
‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ নীতি ধরে এগিয়ে যাওয়া চীনের প্রেসিডেন্ট সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকায় এই সফর করছেন।
সফরে বাংলাদেশের সঙ্গে অন্তত ২৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
তিনি বলেছেন, এই সফর চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেবে। এটা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ‘নতুন দিগন্ত উন্মোচন’ করবে।
বেইজিংয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাচকার ডেভেলপমেন্ট ব্যাংকে’ যোগ দেওয়ার পাশাপাশি গত কয়েক বছরে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গাঢ় করেছে ঢাকা, যাকে বাংলাদেশের পূর্বমুখিতাও বলা হচ্ছে।
জিনপিংয়ের এই সফরে অর্থনৈতিক, বাণিজ্যিক, জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতামূলক চুক্তি ও সমঝোর আওতায় চীনের কাছ থেকে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের সহায়তার আশা করছেন বাংলাদেশের কর্মকর্তারা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বেলা ১১টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামার পর চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্টের উড়োজাহাজটি বাংলাদেশের আকাশ সীমায় ঢোকার পর তাকে পাহারা দিয়ে বিমানবন্দরে নিয়ে আসবে বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি বিমান। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেবে সামরিক বাহিনীর সুসজ্জিত একটি দল।
বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা নিয়ে শি উঠবেন বিমানবন্দর সড়কের লো মেরিডিয়ান হোটেলে। তার চলাচলের জন্য ২৪ ঘণ্টা ওই সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হোটেল থেকে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন চীনের প্রেসিডেন্ট। সেখানে তার ও শেখ হাসিনার উপস্থিতিতে সই হবে দ্বিপক্ষীয় চুক্তিগুলো।
এরপর তিনি হোটেলে ফিরলে সেখানে তার সঙ্গে দেখা করতে যাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সন্ধ্যায় বঙ্গভবনে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন দুই রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ ও শি জিনপিং। সফররত প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
শনিবার সকালে সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন চীনের প্রেসিডেন্ট। এর পরপরই ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা হবেন তিনি।
১৩ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসছেন শি, যে দলে ক্ষমতানীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর উপলক্ষে ঢাকা এখন বর্ণিল সাজে, তার ছবি সড়কেও। ছবি: আসিফ মাহমুদ অভি
বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের উপর ওয়াশিংটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারতের নজর থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন।
ভূ-রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সোনাদিয়ায় একটি গভীর সমুদ্র বন্দরে নির্মাণের কাজটি পেতে চায় চীন, যা নিয়ে আগ্রহ ভারতসহ অন্য কয়েকটি দেশেরও।
তবে শির এই সফরে এই সমুদ্র বন্দর আলোচ্যসূচিতে নেই। ২০১০ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফরে এসে ওই সমুদ্র বন্দরে নিজ দেশের আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি।
এরপর নানাভাবে সোনাদিয়া নিয়ে আগ্রহের কথা এসেছে চীনের কাছ থেকে; সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে এর সঙ্গে সামরিক কোনো অভিপ্রায় নেই। তবে বাংলাদেশ এখনও সমুদ্র বন্দরটি নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছেনি।
ভূ-রাজনীতিতে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত চীনের প্রেসিডেন্টের এই সফর নিয়ে দেশটির সংবাদপত্র গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, তা ভারতের ‘দক্ষিণ এশিয়া কৌশল’ পুনর্মূল্যায়নে নয়া দিল্লির উপর চাপ তৈরি করতে পারে।
বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে ভারতের ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করে সংবাদপত্রটি।
তবে চীনের সংবাদপত্রটির সঙ্গে একমত পোষণ করেন না বলে সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু গৃহীত পররাষ্ট্র নীতিই অনুসরণ করছে বর্তমান সরকার। সেটা হল- ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’।
বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চীনের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্কের সম্ভাবনাগুলো খুলতে সরকারের নীতির ধারাবাহিকতায়ই শি জিনপিংয়ের এই সফর হচ্ছে, বলেন তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বেইজিংয়ের ‘এক চীন নীতি’তে সমর্থন দিয়ে যাওয়া বাংলাদেশ এখন চীনের হাত ধরে অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন ঘটাতে চায়।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির চীনের প্রেসিডেন্টের এই সফরকে নানা কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীনের প্রেসিডেন্ট যে ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ নীতি নিয়েছেন, তাতে তাদের অংশীদার দরকার।
“বাংলাদেশ দুটি কারণে অংশীদার হতে পারে। একদিকে বাংলাদেশের আরও চীনা বিনিয়োগ কিংবা পণ্য নেওয়ার সক্ষমতা রয়েছে। অন্যদিকে তাদের রয়েছে উদ্বৃত্ত, প্রয়োজন বিনিয়োগের নতুন স্থান, পণ্যের নতুন বাজার।”
বাণজ্যের পাল্লা এখনও চীনের দিকেই ভারী। বছরে আটশ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানি একশ কোটি ডলারও নয়।
ভারত মহাসাগরে বাংলাদেশ চীনের কৌশলগত মিত্র হতে পারে বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন।
তিন দশক পর চীনের কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার দিকটি তুলে ধরে তিনি বলেন, তারা এখন বাংলাদেশের প্রতি মনোযোগ দিতে চাচ্ছে। এই সফর সেই সম্পর্ক বিনির্মাণের সুযোগ হতে পারে ঢাকার জন্য।
