চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হবে খালেদার
ঢাকা সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকাল ৫টায় হোটেল লোমেরিডিয়ানে সাক্ষাতের সময় নির্ধারণ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।
শুক্রবার সকালে ঢাকায় পৌঁছনোর পর বিমানবন্দর সড়কের এই হোটেলেই থাকবেন চীনের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি হোটেলে ফিরলে তার সঙ্গে দেখা করতে যাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
মারুফ কামাল বলেন, “১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের গোড়াপত্তন হয়। চীনা প্রেসিডেন্টের এই সফরকে বিএনপি গুরুত্বের সাথে দেখছে।
“জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া চীনা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন।”
শি জিনপিংয়ের সঙ্গে এর আগে বিএনপি চেয়ারপারসনের কয়েকবার সাক্ষাৎ হয়েছিল বলে প্রেস সচিব জানান।
চীনের সঙ্গে দেশের ঘনিষ্ঠসম্পর্ক বিএনপি চায় জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা ও খনিজ-জ্বালানি খাতে বিনিয়োগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়, যা বেগম খালেদা জিয়ার আমলেও আরও সম্প্রসারিত হয়েছিল।”
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে লো মেরিডিয়ানের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান দলীয় নেত্রীর সঙ্গে যাবেন।
