চীনা প্রেসিডেন্টের সফরকে বিএনপির স্বাগত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি।
বুধববার দুপুরে এক আলোচনা সভায় দলের মুখপাত্রের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন। বিএনপির পক্ষ থেকে আমরা তার এই সফরকে স্বাগত জানাচ্ছি।”
পবিত্র আশুরা উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।
চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে দুদু বলেন, “স্বাধীনতার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চীনের সঙ্গে বন্ধুত্বের গোড়াপত্তন করেছিলেন।
“বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আজকে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা চেষ্টা ও উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেণ, “যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তাকে অবৈধ রাষ্ট্রপতি বলে তার সকল সুযোগ সুবিধা তুলে নিতে সংসদে বিল পাস করা হয়েছে। বলা হচ্ছে, এখানে (শেরে বাংলা নগর) যে তার সমাধি আছে, সেটা সরিয়ে নেয়া হবে।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, শহীদ জিয়াকে সরিয়ে নেওয়ার মানে হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সরিয়ে নেওয়া, গণতন্ত্র সরিয়ে নেওয়া।”
আশুরায় কারবালার ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সেদিন কারবালায় খুন করে একদল মানুষ বাদশাহী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আজকেও বাংলাদেশে এক ধরনের রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গণতন্ত্র নাই, একাত্তরের মূল্যবোধ নাই, মানুষ অধিকার হারা, তারা ভোট দিতে পারে না, নির্বাচন নাই। এক শাসরুদ্ধকর পরিস্থিতি ।
“আশুরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। বাংলাদেশ মানুষ এই মাটিতে বার বার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।”
আগামী নির্বাচন সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, “অনেকে বলছেন যে, ২০১৯ সালে নির্বাচন হবে এবং হাসিনার নেতৃত্বে নির্বাচন করতে হবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, বিএনপি নীতি আর্দশের দল, বিশ্বঘাতকের দল নয়। বিএনপি স্বাধীনতা সংগ্রামীদের দল, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল, এটি আপোষহীন নেত্রীর দল।”
তিনি বলেন, “যখন রাস্তার নেমে আন্দোলন করার প্রয়োজন পড়বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগের মতো বিএনপির নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে, এটাই শেষ কথা। আমরা গণতন্ত্রের জন্য, সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনা, সমঝোতা করতে চাচ্ছি।”
দলের প্রয়াত সহসভাপতি আফসার আহমেদ সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুনুর রশীদ, সানাউল্লাহ মিয়া, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ দোয়ায় অংশ নেন।
