মাদারীপুরে পুকুর ভরাট বন্ধে ২৪ ঘণ্টায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদারীপুরে ২০০ বছরের পুরনো একটি পুকুর ভরাট এবং দখল বন্ধে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রয়োগ), মাদারীপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বল বলা হয়েছে।
যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা পুকুরটি ভরাট করছেন মর্মে সংবাদপত্রে প্রকাশিত খবর যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রোববার রিট করেন।
মাদারীপুর পৌরসভার এক নম্বর পুলিশ ফাঁড়ির নিকটে ওই পুকুরটি ২০০ বছরের পুরনো বলে পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, পুকুরটি ভরাট প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাইয়ের ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদ।
এছাড়া পুকুর ভরাট বন্ধে পদক্ষেপ গ্রহণে বিবাদীদের ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং ওই পুকুর দখলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাই কোর্ট।
সাইফুর রহমান খান, জাহিদুল ইসলাম ও তানভীর মাহমুদের খরচে এরই মধ্যে ভরাট করা মাটি ও বালু অপসারণে বিবাদীদের প্রতি কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানাতে বলেছে আদালত।
ওই তিনজন ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পরিবেশ সচিব; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রয়োগ), সহকারী পরিচালক; মাদারীপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
