মাদারীপুরে যুবলীগ নেতাদের উপস্থিতিতে সরকারি পুকুর ভরাট
স্থানীয় যুবলীগ নেতাদের উপস্থিতিতে মাদারীপুর শহরের সরকারি একটি পুকুর দখলে নিয়ে বালু ফেলতে শুরু করায় প্রতিবাদ করেছেন মেয়রসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার সকালে লঞ্চঘাট এলাকার এই পুকুরটিতে গিয়ে দেখা গেছে, খননযন্ত্রের একটি পাইপ দিয়ে বালু ফেলা হচ্ছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাত ভাইয়ের ছেলে ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদসহ যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দাবি করেন, “সরকারের উন্নয়নকাজের জন্য পুকুরটি ভরাট করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক অবহিত আছেন। তার অনুমতি নিয়েই আমরা ভরাটকাজ শুরু করেছি।”
“পুকুর ভরাটের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে নৌমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে।”
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, “ইতোমধ্যেই খননযন্ত্রের মালিক শাহীন মুন্সি ও সৈয়দ রাজিবকে চিঠি দিয়ে পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছি।
“শহরে পানি সংরক্ষণের জন্য পুকুরটি বাঁচিয়ে রাখতে হবে। এছাড়া জলাধার ও পরিবেশ আইনে পুকুর ভরাট করা নিষেধ।”
জেলা প্রশাসন পুকুরটি রক্ষায় এগিয়ে আসছে না বলে তিনি অভিযোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে অভিযোগ করেন, গুটিকয় লোক এই সরকারি সম্পত্তিটি আত্মসাতের পাঁয়তারা করছে।
পুকুরটি ভরাট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে তিনি মনে করেন।
মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভুঁইয়া বলেন, “পুকুরটি ভরাট হয়ে গেলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকবে।
“এমনিতেই পুরান বাজার এলাকায় আগুন লাগলে পানি পেতে খুব বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডর মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানি সংকট মোকাবিলার উপায় থাকবে না।”
স্থানীয় বাসিন্দা মুরাদুল ইসলাম, ভাস্কর, খোকাসহ একাধিক ব্যক্তি বলেন, পুকুরটি তারা নিয়মিত গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, পুকুরটি প্রশাসনের যোগসাজশে দখলে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
