২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নাইজেরীয়সহ গ্রেপ্তার ৫ ‘প্রতারক’ রিমান্ডে

প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে দুই নাইজেরীয়সহ গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজত পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 10:47 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান শনিবার তাদেরকে হেফাজতে নেওয়ার এ আদেশ দেন বলে জানিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে দুই নাইজেরীয় আনাও (৩২) ও একেএ হেনরি (২৯) এবং বাংলাদেশি রুহুল আমিন ওরফে মিঠুনকে (২৯) দুইদিন করে রিমান্ডে দেওয়া হয়।

এছাড়া মাইনুল কবির (২৯) ও নাজিম উদ্দিন নামে বাকি দুই বাংলাদেশিকে তিনদিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার এই পাঁচজনকে শনিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাতদিন করে হেফাজত চায় পুলিশ।

দুই নাইজেরীয়সহ প্রতারক চক্রের এই পাঁচ সদস্য বাংলাদেশে ক্লিনিক স্থাপনের কথা বলে এক নারীর কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেয়। জাতিসংঘের প্রকল্পে কর্মরত চিকিৎসক পরিচয় দিয়ে তাদের একজন প্রথমে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

ওই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই ডিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যাণ্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

এতে পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, বরবধূ ডটকম থেকে এলিফেন্ট রোডের ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার মমতাজ বেগমের সিভি সংগ্রহ করে চক্রটি। এরপর নাসির নিজেকে জাতিসংঘের প্রকল্পে লেবাননে কর্মরত চিকিৎসক পরিচয়ে মমতাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।

“লেবাননের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির কারণে বাংলাদেশে ক্লিনিক স্থাপন করতে চান বলে মমতাজকে বলেন নাসির। এজন্য তিনি বেশ কিছু টাকা পাঠানোর কথা বলে মমতাজকে ক্লিনিক স্থাপনের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।”

ডিবি কর্মকর্তা বাতেন জানান, কথা অনুযায়ী নাসির দামি কিছু যন্ত্রাংশ মমতাজ বেগমের ঠিকানায় পাঠান। সেই পণ্য কাস্টমস থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রথমে এক লাখ ২৫ হাজার টাকা নেয়।

পরে সিকিউরিটি মানির কথা আরও ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর চক্রটি যন্ত্রাংশের সেই পার্সেলে প্রায় দেড় কোটি টাকা সমপরিমাণের ডলার রয়েছে জানিয়ে মমতাজকে মানি লন্ডারিংয়ের ভয় দেখান। এভাবে আরও ১০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

এরপর আরও ১৫ লাখ টাকা দাবি করলে মমতাজ পুলিশের কাছে আসেন; নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করেন তার ভাই।

মামলার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশের যুগ্ম কমিশনার বাতেন।

ডিবি পুলিশের তদন্ত ও গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে তিনি বলেন, “ডাক্তার যিনি তিনি নিজেও একজন প্রতারক। সিঅ্যান্ডএফ এজেন্ট বলেও কেউ নেই। ক্লিনিক স্থাপনের পুরো প্রক্রিয়াই জালিয়াতি।

“তারা বাংলাদেশে বসেই ইন্টারনেটের মাধ্যমে কথা বলে দেশের বিত্তবান ও সম্পদশালীদের টার্গেট করে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল।”

এর আগে ভুয়া ব্রিজের ব্যবসার কথা বলে প্রতারণার দায়ে একটি নাইজেরিয়ান চক্র গ্রেপ্তার হয়েছিল জানিয়ে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, এ দুটি চক্রই অভিন্ন। এই চক্রে ১৫/২০ জন জড়িত। তাদের অধিকাংশই অন অ্যারাইভেল ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিল।

তবে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা অবৈধভাবে বাংলাদেশে থেকে প্রতারণা ও জালিয়াতি করে আসছিল বলে জানান তিনি।