২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিদের অর্থদাতার’ মৃত্যু, ৩০ লাখ টাকা উদ্ধার

ঢাকার আশুলিয়ার একটি বাড়িতে র‌্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ‘নব্য  জেএমবির প্রধান অর্থদাতার’, যার বাসা থেকে ৩০ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছেন কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 09:01 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

পুরনো খবর:

আশুলিয়ায় অস্ত্রসহ ২ ‘জেএমবি’ আটক
গাজীপুরে পুলিশের অভিযানে নিহত ৭ ‘জঙ্গি’
গাজীপুর-টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে নিহত ৪

আব্দুর রহমান আয়নাল (৩০) নামের ওই ব্যক্তি শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদুর রহমান জানান।

সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার আমীর মৃধার পাঁচতলা ভবন ‘মৃধা ভিলায়’ অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রহমানের বাসা থেকে ৩০ লাখ টাকা, একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, ধারাল অস্ত্র, মোবাইল জ্যামার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

“আব্দুর রহমানই জেএমবির সব নাশকতার মূল অর্থদাতা।”

“অভিযানের সময় বারান্দার গ্রিল কেটে পাঁচতলা থেকে লাফিয়ে পড়েন আব্দুর রহমান। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে তার মৃত্যু হয়,” বলেন র‌্যাব কর্মকর্তা মাসুদুর রহমান।

Image
আব্দুর রহমান আয়নাল নামের ওই ‘জঙ্গি’ স্ত্রী ও সন্তান নিয়ে এই বাড়িতে থাকতেন।

আব্দুর রহমান আয়নাল নামের ওই ‘জঙ্গি’ স্ত্রী ও সন্তান নিয়ে এই বাড়িতে থাকতেন।

আব্দুর রহমানের স্ত্রী ও তিন সন্তানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার ভোর থেকে গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাব ও পুলিশের পৃথক তিন অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। কানাডা প্রবাসী তামিম আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন ‘নব্য জেএমবি’ এই হামলা চালায় বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

এরপর ২৫ জুলাই রাতে কল্যাণপুরের একটি বাসায় পুলিশের অভিযানে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হন, যারা উগ্রবাদী এই গোষ্ঠীর সদস্য ছিলেন বলে পুলিশ জানায়।

এর পর মাসখানেকের মাথায় নারায়ণগঞ্জে পুলিশের এক অভিযানে তামিম নিহত হন। পরে মিরপুরের রূপনগর ও আজিমপুরের দুটি বাসায় পুলিশের অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম এবং সাবেক ব্যাঙ্কার তানভীর কাদেরীও এই জঙ্গি গোষ্ঠীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

গুলশান হামলার তদন্ত সংশ্লিষ্টরা বলেন, এই হামলায় যারা নানাভাবে জড়িত ছিলেন তাদের পাশাপাশি অর্থদাতাদেরও খুঁজে বের করতে কাজ করছেন তারা।

Image
র‌্যাবের অভিযানের পর বাড়িটির সামনে ভিড় জমান উৎসুক জনতা।

র‌্যাবের অভিযানের পর বাড়িটির সামনে ভিড় জমান উৎসুক জনতা।

এরইমধ্যে শনিবার গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি বাড়িতে পুলিশের অভিযানে সাতজন নিহত হন। তাদের মধ্যে ‘নব্য জেএমবির’ বর্তমানের শীর্ষ নেতা আকাশ রয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা নিশ্চিত তামিম চৌধুরীর পরে যে জঙ্গিদের নেতৃত্ব দিত, তার ছদ্মনাম হোক আর টাইটেল নাম হোক, তার নাম আকাশ। সে এখানে নিহত হয়েছে। নিহত এই সাতজনের মধ্যে সে একজন।”

এই জঙ্গি গোষ্ঠীর যেসব সদস্য এখনও আইনশৃ্ঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে তারা এই ‘আকাশের’ নেতৃত্বে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিলেন বলে জানান তিনি।

ওই অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আশুলিয়ায় জঙ্গি গোষ্ঠীটির মূল অর্থদাতার সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল র‌্যাব।