গাজীপুর-টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহত ৪
গাজীপুর ও টাঙ্গাইলের দুটি বাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে চারজন নিহত হয়েছে।
শনিবার র্যাবের এই অভিযান চলার মধ্যে গাজীপুরে আরেকটি জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের নেতৃত্বে অভিযানে নিহত হন সাতজন।
ভোরে গাজীপুর সিটি করপোরেশন এলাকার হারিনাল পশ্চিমপাড়া লেবুবাজার এলাকার আতাউর রহমানের একতলা বাড়িতে অভিযান শুরুর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-১-এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব।
এরপর র্যাব-১ এর উপ-পরিচালক মহিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে।
সেখানে দুজন নিহত হওয়ার খবর বেলা সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, নিহতদের একজন রাশেদুল (২০) এবং অন্যজন তৌহিদুল ইসলাম (২২) বলে বাড়ির মালিক আতাউর জানিয়েছেন। তৌহিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েটে) শিক্ষার্থী, রাশেদ এবার এইচএসসি পাস করেছে।
ওই বাড়ি থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, রাইফেলের ৭০ রাউন্ড গুলি, কিছু বিস্ফোরক ও একটি ল্যাপটপ উদ্ধারের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলায় কাগমারা গ্রামে আজাহার আলীর তিনতলা বাড়িতে অভিযান চালানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী।
বেলা ৩টায় অভিযান শেষের পর দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন র্যাব-১২-এর কমান্ডার ও এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, মির্জাবাড়ির মাঠের পাশের আজাহার আলী মাস্টারের বাড়িতে গত ২৭ সেপ্টেম্বর জঙ্গিরা বাসা ভাড়া নিয়ে তৎপরতা চালাচ্ছিল।
“বিষয়টি নিশ্চিত হয়ে সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের সদস্যরা অভিযান চালায়। এ সময় আল্লাহ আকবর ধ্বনি দিয়ে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়।”
অভিযান শেষে সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন খান বলেন, ওই বাড়ি থেকে ১০টি চাপাতি, একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি গুলি, দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ও ৬৬ হাজার ৯৮৫ টাকা পাওয়া গেছে।
ওই বাড়িতে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছিল। তবে সেখানে বোমা পাওয়া যায়নি বলে শাহাবুদ্দিন জানান।
র্যাবের এই দুই অভিযান চলার সময় গাজীপুরের আফারখোলা পাতারটেক এলাকার এক দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই অভিযানে সাতজন নিহত হয়।
