২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা সমাধানে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বসবেন আশরাফ

পদোন্নতিসহ ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার সমাধানে তাদের সঙ্গে বসবেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 08:26 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

শুক্রবার রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে একথা বলেছেন তিনি।

আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান সৈয়দ আশরাফের সামনে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন।

এতে বলা হয়, “গত ১২ মে জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী আন্তঃমন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী পদোন্নতির বিষয়টি বাস্তবায়ন করা হবে বলে পুনরায় ঘোষণা করেন। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা এর কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না।”

তার ওই বক্তব্যের প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, “এ দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হয় না, এটা আমার বিশ্বাস হয় না। হয়ে থাকলে এটা ভয়ঙ্কর।”

“একটা আইনের শাসনের দেশ, আইন অনুযায়ী দেশ চলবে এবং জননেত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনের সরকার।   

“কিন্তু আপনারা আজকে এখানে উপস্থাপন করেছেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হয় না। এটা একটা ভয়ঙ্কর কথা। আমি এমন কোনো কথা শুনি নাই যে, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হয় নাই। এটা একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত। এ ধরনের ভয়ঙ্কর দৃষ্টান্ত বাংলাদেশে সৃষ্টি করতে চাই না।”

আশরাফ বলেন, “এক দেশে দুই ধরনের আইন তো থাকতে পারে না। আমাদের দেশ আইনের দেশ, এখানে অবশ্যই আইন মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই।

“এই বিষয়টি আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব যে, আপনার নির্দেশনা মানা হচ্ছে না।”

ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যার সমাধানে তাদের সঙ্গে বসবেন জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, “আপনারা আপনাদের সার্ভিসের পদোন্নতিসহ যে ব্যাপারগুলো বলেছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে বসে একটা বৈঠক করব।

“আপনাদের উপস্থাপিত বিষয়গুলো নিয়ে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করব।”

 আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মুর্শেদ, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ বক্তব্য রাখেন।