২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছুরিকাঘাতে তরুণ খুন

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 09:00 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ‌্যায় এই হত‌্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম রাকিবুল ইসলাম মুন্না (১৮)। ফার্মগেইটের কাছে আমবাগান এলাকার মুন্না এবার উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন।

সন্ধ‌্যায় গ্রিন সুপার মার্কেটের সামনে ছুরিকাহত মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে স্থানীয় এক তরুণের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মুন্নার ছোট ভাই রিয়াদের বিরোধ হয়েছিল।

“বিরোধ মেটাতেই মুন্না গ্রিন সুপর মার্কেটের সামনে আরএইচ মার্কেটের কাছে গিয়েছিল। এসময় আজমেরী আকাশ নামে এক তরুণ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

মুন্নার মা পারুল বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের কর্মচারী। বাবা দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় গাড়িচালক ছিলেন।

নিহতের চাচা জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালে স্বামী মারা যাওয়ার পর চার সন্তানকে নিয়ে পারুল ফার্মগেইটের আমবাগানে থাকতেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জন্মদিন পালনে গিয়ে আটক

মুন্না হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ চার তরুণকে আটক করেছে, তারা এক বন্ধুর জন্মদিন উদযাপনে সেখানে গিয়েছিলেন বলে তাদের বন্ধুরা জানিয়েছেন।

তেঁজগাও থানার এসআই ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় চার তরুণকে গাড়িতে তুলে নেওয়া হয়।

এসআই ফজলুরের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যাররা নির্দেশ দিয়েছেন তাই উনাদের থানায় নিয়ে যাচ্ছি। কোনো কথা বলতে পারব না। তারা দোষী, না কি নির্দোষ সেটা পরে দেখা যাবে।”

এরপর চালককে গাড়ি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

ওই চার তরুণ রাজাবাজার এলাকার বাসিন্দা সৌরভসহ শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থী বলে তাদের বন্ধুরা জানান।

সেখানে উপস্থিত রাসেল ও নাহিদ নামে দুই তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌরভের জন্মদিন উপলক্ষে তারা কয়েক বন্ধু ফার্মগেইটের আরএইচ টাওয়ার মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। সবাই মিলে একটা রেস্তোরাঁয় খাওয়ার কথা ছিল তাদের।

রাসেল বলেন, “হঠাৎ করেই পুলিশ এসে সৌরভসহ চারজনকে গাড়িতে তুলে নেয়। এখন ওদের কী হবে কে জানে?”

এই তরুণদের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর বলেন, “কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটি দেখা হবে।”