২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: নেত্রকোণার ৬ আসামির অভিযোগ গঠন ৩০ নভেম্বর

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় নেত্রকোণার ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ৩০ নভেম্বর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 02:47 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শুনানির এই দিন ঠিক করে দেয়।

এ মামলার আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন ওরফে রদ্দিন। আব্দুর রহমান ছাড়া বাকি সবাই পলাতক।

এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন সাবিনা ইয়াসমিন মুন্নী। কারাবন্দি আসামি আব্দুর রহমানের পক্ষে শুনানি করেন গাজী তামিম।

পরে প্রসিকিউটর মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছিল আদালত। তা প্রকাশের পরও পলাতক আসামিরা আদালতে আসেননি।

“নির্দেশনা পালন করে আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি। আদালত ৩০ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন রেখেছে।”

পাশাপাশি ট্রাইব‌্যুনাল আব্দুর রহমানের আইনজীবী গাজী তামিমকে পলাতক পাঁচ আসামির আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছে বলে জানান মুন্নী।

একাত্তরের ২১ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালে বাড়হা গ্রামের আবদুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার অভিযোগে ২০১৩ সালে নেত্রোকোণায় একটি মামলা করেন খালেকের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল কাদির। পরে মামলাটি ঢাকার ট্রাইব‌্যুনালে স্থানান্তর করা হয়।

২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ মাস তদন্ত শেষে গত ১৬ মার্চ ছয় আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয় সেখানে।

ট্রাইব্যুনাল জুনে ওই অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর তার আগে মামলার তদন্ত চলার সময়ই গতবছর ১২ অগাস্ট আব্দুর রহমানকে পুলিশ নেত্রোকোণা থেকে গ্রেপ্তার করে।

আসামিদের সবাই একাত্তরে রাজাকার বাহিনীর সদস‌্য হিসেবে যুদ্ধাপরাধে অংশ নেন বলে প্রসিকিউশনের অভিযোগ।