২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় বাঁচাতে সরকার-এনজিও সমন্বয় চান মন্ত্রিপরিষদ সচিব

আমলাতান্ত্রিক জটিলতায় সরকার অনেক সময় দ্রুত সিদ্ধান্ত দিতে পারে না মন্তব‌্য করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 01:50 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

রোববার এনজিওবিষয়ক ব্যুরো ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ‘কার্যকর উন্নয়নের জন্য সরকারের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকার না পারলেও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) অনেক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে মত দেন তিনি।

এ কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ‌্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে তা দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে। একইসঙ্গে দুপক্ষের মধ্যে সমন্বয় করা গেলে সমন্বয় ঘাটতি দূর হবে। তাই আজ কর্মশালার আয়োজন করা হয়েছে।”

ঢাকা বিভাগের ছয় জেলার ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসক, ৩৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছয়জন সহকারী কমিশনারকে নিয়ে এ কর্মশালা হয়।

সভাপতির বক্তব্যে এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলাম টেকসই উন্নয়নে উদ্ভাবনী শক্তির গতি বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, “সমস্যার সঠিক সমাধানের জন্য বিষয়ভিত্তিক সঠিক উদ্ভাবন দরকার।

“যেমন আমরা আগে জানতাম ডায়রিয়াসহ শিশু রোগগুলোই শিশুমৃত্যুর প্রধান কারণ। কিন্তু একটি এনজিও উদ্ভাবন করেছে শিশুমৃত্যুর প্রধান কারণগুলোর অন্যতম হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়া।”

এনজিওটি বাচ্চাদের সাঁতার শেখাতে ‘সেইফ সুইমিং’ নামে একটি কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, “এ ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণ করতে পারলে উন্নয়ন ফলপ্রসূ হবে।”