মতিঝিলে দুই যুবলীগ কর্মীকে গুলি
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের দুই কর্মী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে এজিবি কলোনির ‘আইডিয়াল জোন’ এ ঘটনা ঘটে বলে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জানান।
আহত আহসানুল হক ইমন (৩২) এবং রিজভী হাসান বাবুকে (৩৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমনের ডান হাত এবং পাজরের বাঁ দিকে গুলি এবং মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর বাবুর মুখের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে এসআই সেন্টু বলেন, “এরা একটি ক্লাবে বসে ছিল। কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।”
মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ দুজনই তার শাখার সদস্য।
হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হামলাকারীদের খোঁজা হচ্ছে বলে মতিঝিলের পরিদর্শক গোলাম রাব্বানী জানিয়েছেন।
