‘এমন ফাঁকাই যদি থাকত শহর’
ব্যস্ত রাজপথে মাঝে মাঝে হুস করে চলে যাওয়া গাড়ি, রিকশার টুংটাং ঘণ্টা আর কোরবানির পশু নিয়ে ছুটে চলা মানুষ- ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানীর খুব সাধারণ দৃশ্য এটি।
নেই চিরচেনা যানজট, কোলাহল; ধূলা, গাড়ির তীব্র হর্ন আর ধোঁয়া, পথে মানুষের মিছিল- সবই উধাও। নিস্তরঙ্গ এমন ঢাকায় মুগ্ধ তরুণী তৃষিতা ইসলামের আকুতি- “এমন ফাঁকাই যদি থাকত শহর।”
মাত্র একটি সপ্তাহ যানজটমুক্ত থাকবে ঢাকা। আর ঘুরে বেড়ানোর জন্য এ সময়টাকেই বেছে নেবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তৃষিতা।
ব্যস্ত অফিস সময়ের ফাঁকে ফুরসত মেলায় ঘুরতে বের হয়েছেন একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তা তারান্নুম ইসলাম, নাসির আহমেদ।
তারান্নুম বলেন, “ঘোরাঘুরি করতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু উপায় নেই। সারাবেলা অফিস শেষে ঘরে ফিরতেই রাত। ছুটির দিনগুলোতে বের হলে যানজটের বিড়ম্বনা। কতদিন পর সেই সুযোগ এলো।”
সঠিক পরিকল্পনা থাকলে রাজধানী এমন সুন্দরই হতো, মত দেন নাসির আহমেদ ।
মোস্তফা হোসাইন বলেন, “বন্ধুরা তো সব বাড়ি চলে গেছে। আমরা যারা ঢাকায় আছি, তারা ঈদের আগে সবশেষ আড্ডা দিচ্ছি। আড্ডার মূল বিষয় কোরবানির গরু।”
চারুকলা অনুষদের সামনে কান্তা ইসলাম বলেন, “ঈদের দুদিন ব্যস্ত থাকব। সকালে বন্ধুরা বলল, ঢাকা একেবারেই ফাঁকা। তাই বেরিয়ে পড়লাম।”
এমনিতেই কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে রিকশা নিষিদ্ধ হলেও ঈদের সময়টাতে কোনো বাধা নেই। দুপুরে আচমকা বৃষ্টিতে আরও ফাঁকা হয়ে যাওয়া রাস্তায় রিকশার হুড ফেলে কয়েক তরুণকে ভিজতেও দেখা গেল।
নগরীর প্রধান বাণিজ্যকেন্দ্র মতিঝিলে ছিল না প্রাণের স্পন্দন। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান শেষমুহূর্তে কাজ শেষে দুপুরের মধ্যেই বন্ধ হয়েছে।
জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা গুলজার হোসেন বলেন, “অফিসিয়াল কিছু কাজ ছিল বলে আসতেই হল। উপায় নেই।”
সুমাইয়া বলেন, “ভিড়ভাট্টা এড়াতেই আজকের দিনটি বেছে নিয়েছিলাম। ধাক্কাধাক্কি করে কী শপিং করা যায়?”
একদল মানুষ অবশ্য ঈদের আগের দিনও ঢাকা ছেড়েছেন। প্রিয় মানুষের সঙ্গে ঈদ করার ইচ্ছায় বাস টার্মিনালগুলোতে দেখা গেল মানুষের ঢল।
মহাখালী বাস টার্মিনালে এনজিওর কর্মকর্তা মো. আরাফাত আলীর সঙ্গে কথা হলো। তার বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।
“কদিন ধরেই খবরের শিরোনাম, যানজট আর যানজট। এখন যানজট নেই। নগরীও ফাঁকা। অন্যদিন তো জ্যামের কারণে টার্মিনালে আসতেই লাগে তিন ঘন্টা।”
তবে ফাঁকা ঢাকায় যানবাহন স্বল্পতার বিড়ম্বানাতেও পড়তে হচ্ছে। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগও করলেন কেউ কেউ।
মিজানুর রহমান যাবেন গোপালগঞ্জ, বাড্ডা থেকে ফুলবাড়িয়া আসতে এ সমস্যার কথা জানালেন তিনি।
অবশ্য অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর স্বস্তির কথাও শোনালেন পিরোজপুরগামী যাত্রী ফারমিন মৌলী। মিরপুর থেকে আসা এই যাত্রী জানান, মাত্র আধা ঘণ্টায় মিরপুর থেকে এসেছেন তিনি।
যাত্রী সাজ্জাদুল হকের অভিযোগ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
অভিযোগ অকপটেই স্বীকার করেন সদরঘাট-গাজীপুর রুটের সুপ্রভাত পরিবহনের চালক রাজিব।
তিনি বলেন, “যাত্রী পাইতাছি না সকাল থিকা। ঈদ উপলক্ষে ভাড়া তাই একটু বেশি নিতাছি। আর আমাগোরে ২/১ টাকা বখশিস দিলে ক্ষতি কী? সবদিন কি চাই?”
