আরিফুলের জামিন স্থগিতের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে
কিবরিয়া হত্যা মামলায় সিলেটের বরখাস্ত হওয়া মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বুধবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে।
এক রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ মঙ্গলবার আরিফুলের জামিন মঞ্জুর করে।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া।
অধিকতর তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। সেখানে আসামির তালিকায় যুক্ত করা হয় আরিফুল হকসহ ১১ জনের নাম।
ওই বছর ২১ ডিসেম্বর আদালত নতুন ১১ আসমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।
এর পর থেকেই সিলেটের এই বিএনপি নেতা কারাগারে রয়েছেন। আদালতে গৃহীত অভিযোগত্রে নাম আসায় ২০১৫ সালের জানুয়ারিতে মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে সরকার।
