কিন্ডারগার্টেন দেখভালে গঠিত টাস্কফোর্স বাতিলের দাবি
জঙ্গি তৎপরতার প্রেক্ষাপটে অনুমোদনহীন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাইয়ে গঠিত টাস্কফোর্স বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
একইসঙ্গে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালার সংশোধিত বিধিমালা ২০১২ এর আলোকে প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন প্রক্রিয়া গতিশীল করারও দাবি জানায় সংগঠনটি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের মহাসচিব রেজাউল হক বলেন, “হঠাৎ করে এ ধরনের টাস্কফোর্স গঠন করায় আমরা অত্যন্ত হতাশ ও আতঙ্কিত। কারণ সংশোধিত বিধিমালা অনুসরণ নিবন্ধনের জন্য হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করলেও বিভাগীয় উপ-পরিচালকের দায়িত্বহীনতার কারণে বিদ্যালয়গুলো নিবন্ধন পায়নি।”
পরিষদের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিভাগীয় উপ-পরিচালকদের সঙ্গে আলোচনা করেও নিবন্ধন আবেদনকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করানো সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।
“এর বিপরীতে প্রতিষ্ঠানগুলোতে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হিসাবে অপবাদ দেওয়া হচ্ছে,” বলেন রেজাউল হক।
সরকারের অনুমোদন না নিয়েই বেসরকারিভাবে গড়ে ওঠা নার্সারি, প্রিপারেটরি ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম যাচাই করে এগুলোর করণীয় নির্ধারণে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে তিন ধরনের টাস্কফোর্স গঠন করে গত ১৬ অগাস্ট আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ঐক্য পরিষদের নেতা রেজাউল বলেন, “প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এ সকল বিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ সুবিধা, ছাত্র-ছাত্রী ভর্তি, ভর্তি ফি নির্ধারণ, প্রযুক্তি ব্যবহার এবং পাঠ্যবই অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো নিয়মনীতি অনুসৃত হচ্ছে না।”
নিবন্ধন কার্যক্রম জোরদার না করে এ ধরনের বক্তব্য ‘কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার একটি অপকৌশল’ হিসেবে অভিহিত করেন তিনি।
রেজাউল হক বিভাগীয় উপ-পরিচালকসহ সহকারী পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসারদেরেকে বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্য পরিষদ সভাপতি ইসকান্দার আলী, উপদেষ্টা একেএম ফজলুল হক, সহসভাপতি এমএ রশিদ মিয়া, আশরাফ আলী মোল্লা উপস্থিত ছিলেন।
