২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিলের অনুমতি পেলেন বঙ্গবন্ধু মেডিকেলের ১১০ চিকিৎসক

নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১১০ জন চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

তাদের করা পুনর্বিবেচনার আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ রোববার এ অনুমতি দিয়েছে।

আপিল বিভাগে এসব চিকিৎসকের করা আপিল আবেদন খারিজ হওয়ার পর পুনর্বিবেচনার ওই আবেদন করা হয়।

আদালত আপিলের আবেদন মঞ্জুরের পাশাপাশি দুপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশও দিয়েছে।

আদালতে চিকিৎসকদের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এএম আমিন উদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৫ সালে ‘কিছু সংখ্যক পদে’ নিয়োগ দিতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে; যার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে রিট করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) তৎকালীন সাধারণ সম্পাদক ইকবাল আরসালান।

ওই রিটের প্রাথমিক শুনানির পর হাই কোর্ট রুল দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। যার বিরুদ্ধে হাই কোর্টে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি হাই কোর্ট সিন্ডিকেটে সৃষ্ট ২০০ পদে নিয়োগ দেওয়ার অনুমতি দিলেও ২০১০ সালে রুলের চূড়ান্ত শুনানির পর নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করলে গত ২২ ফেব্রুয়ারি তা খারিজ করে আপিল বিভাগ।

পরে রায় প্রকাশের পর তার পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন ১১০ চিকিৎসক; যার শুনানি নিয়ে আপিলের অনুমতি দিয়েছে আদালত।

২০১৬ সালের মার্চের আগে পর্যন্ত এসব চিকৎসক দায়িত্ব পালন করেন এবং বেতনও পেয়েছেন।

আদালতে রিটকারী ইকবাল আরসালানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম।

আপিলের অনুমতির পর সাংবাদিকদের তিনি বলেন, “রিভিউ আবেদনের শুনানি করে আদালত ডাক্তারদের লিভ গ্রান্ট করেছে।”

এক প্রশ্নে মাহবুবে আলম বলেন, “কাজে ফিরতে তাদের আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

আরেক প্রশ্নে তিনি বলেন, যদি লিভে কোনো আবেদন খারিজ হয়, এরপর যদি সংক্ষুব্ধ পক্ষ রিভিউ করে, তাহলে আদালত মনে করলে তাদের লিভের অনুমতি দিতে পারেন।