জঙ্গিদের জামিনে ‘বিপদে পড়ে’ পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযান চালিয়ে আটকের পর জঙ্গিদের আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে যাওয়ার সমস্যার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও।
মঙ্গলবার ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আদালত কর্তৃক ছাড়া পেয়ে যায়, সেটা নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না। কারণ আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। তারা বিশ্লেষণ করেই আদেশ দেন। কিন্তু বিপদে পড়ি আমরা, পুলিশ বাহিনী বিপদে পড়ে।
“অনেক সময় একটা আসামি ধরার জন্য এক বছরও প্রচেষ্টা নেয়। ধরা পড়ার পর তারা ছাড়া পেয়ে যায়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলব, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আদালত যে আদেশ দেন সে বিষয়ে আমি কিছু বলতে চাই না, বলাটাও শোভা পাবে না।”
জঙ্গিদের জামিনে বেরিয়ে ফের তৎপর হয়ে ওঠার অনেক নজির রয়েছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিবরাজ ইসলামও একটি মামলায় জামিনে বেরিয়ে এসেছিলেন।
গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হকও দেশের স্বার্থে জঙ্গিদের বিষয়ে আদালতের আরও কঠোরতা প্রত্যাশা করেন।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন : মৌলবাদী সন্ত্রাস নির্মূলের নিদান’ শীর্ষক আলোচনা সভায় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী কামালও একই বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা জঙ্গিদমনের জন্য বিশেষ বাহিনী ও জাতীয় কাউন্সিল গঠন এবং পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে আরও শক্তিশালী করার প্রস্তাব করেন।
পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটকে শক্তিশালী করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এবং সাইবার ইউনিটকে আমরা শক্তিশালী করার কাজ চলছে বলে জানান মন্ত্রী।
২০০৫ সালের ১৭ অগাস্ট ৬৩ জেলায় জেএমবির বোমা হামলার মামলার বিষয়ে তিনি বলেন, “প্রায়গুলোই শেষ। দুয়েকটা সাক্ষীর অভাবে আমরা ঠিক সময়ে শেষ করতে পারিনি। আমরা সবই শেষ করব।”
২০০৫ থেকে এ পর্যন্ত ৪ হাজারের বেশি জঙ্গি ধরা পড়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
“তাদের সন্ত্রাসী বলেন বা জঙ্গি বলেন, আমরা ধরেছি, মামলা করেছি। মামলা চলছে, কারাগারে আছে বা সাজা হয়েছে।”
বর্তমান জঙ্গিদের ধরার পর সবারই জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানান তিনি।
“তারা কখনও জেএমবি, কখনও হরকাতুল জিহাদ, কখনও আনসারুল্লাহ বাংলা টিম, কখনও আনসারুল ইসলাম, কখনও হামজা ব্রিগেড নানা নামকরণে আত্মপ্রকাশ করে।”
“তারপর আমরা আল কায়েদা আমরা অমুক তমুক বলে দাবি করে। এখন আবার নতুন করে আত্মপ্রকাশ করার ভূমিকা তারা নিয়েছে তারা নাকি আইএস। সারা বাংলাদেশ ঘুরে আইএসের কোনো সংগঠন কোনো নেতাকে দেখলাম না।”
অনুষ্ঠানের মূল প্রবন্ধে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির জঙ্গিবাদ নির্মূলের জন্য জামায়াত-শিবিরসহ ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
“জঙ্গিদের বিরুদ্ধে দমন অভিযান চালাব, আবার জামায়াত-শিবিরের মওদুদীবাদ, ওয়াহাবীবাদী চর্চা রেখে দেব, তাতে চলবে না। কারণ এটা আইএস না, আইএসের বাপ। সেই আদর্শের মূলোৎপাটন করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্যে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, সাজাও কয়েকজনের কার্যকর হয়েছে। ছয়জনের বিচার কার্যকর করা যায়নি।
“এর মধ্যে দুজনের অবস্থান আমরা জানি। একজন কানাডায় থাকে, একজন আমেরিকায়। আরেকজনের অবস্থানও আমরা জেনেছি, তার অবস্থান কনফার্ম হয়ে সেটাও আমরা দেখব।”
“এখানে আইনি অনেক জটিলতা রয়েছে। এ কারণে যে জায়গায় পালিয়ে আছে সেখান থেকে আমরা আনতে পারছি না। তবে আমাদের নেগোসিয়েশন সবসময় চলছে।”
ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক আবদুর রশীদ, অবসরপ্রাপ্ত কমডোর ইশফাক ইলাহী, রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
জামিন পাচ্ছে জঙ্গিরা, উদাসীন পুলিশ-রাষ্ট্রপক্ষ
