জঙ্গিদের জামিন ঠেকাতে ‘সেল’ চান অ্যাটর্নি জেনারেল
জঙ্গিদের জামিন নিয়ে বেরিয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ার তথ্য প্রকাশের প্রেক্ষাপটে এসব মামলার আসামিদের জামিন আটকাতে একটি সেল গঠনের পক্ষে মত জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর জঙ্গিদের জামিনে বেরিয়ে যাওয়া এবং বিচার ঝুলে থাকা নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে এই মত জানান তিনি।
মাহবুবে আলমের সুপারিশকৃত ওই সেল সার্বক্ষণিক যোগাযোগ রাখবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পাবলিক প্রসিকিউটরদের কার্যালয়ের সঙ্গে। তাদের তথ্য প্রযুক্তি ব্যবহারের পারঙ্গমতা থাকতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, “একটা কো-অর্ডিনেশন সেল থাকা দরকার। শুধু তাদের (জঙ্গি) ব্যাপারে পর্যালোচনা করার জন্য। সেই সেলকে অফিসে বসে থাকলে হবে না, তাদের অনবরত যোগাযোগ করতে হবে পাবলিক প্রসিকিউটর অফিসের সাথে, আমাদের সাথে অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে।”
জঙ্গি অভিযোগে গ্রেপ্তার সবার তথ্য ডেটা ব্যাংকের মতো কিছু করে সংরক্ষণের পরামর্শও দেন তিনি।
“একেবারে কম্পিউটারে তাদের নাম থাকা উচিৎ। প্রত্যেকটি জেলায় যারা পিপি আছেন, তারা যাতে কম্পিউটারে বোতাম টিপলেই সেসব নাম পান। আমার অফিসেও এরকম থাকা উচিৎ, যাতে বোতাম টিপলেই কোন জেলায় সন্ত্রাসের মামলায় কে কে আছে এবং তাদের জামিন কখন হয়েছে বা তাদের জামিন আবেদন কখন করা হয়েছে।”
অ্যাটর্নি জেনারেল মনে করেন, বর্তমানে ‘চালাকি’ করে জঙ্গিরা যেভাবে বিভিন্ন মামলায় জামিন নিচ্ছে, সেল গঠন হলে তা বন্ধ হবে।
অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)
“অনেক জঙ্গি নানা রকম চালাকির সুযোগ নিচ্ছে। দরখাস্তে লিখছে ১৭ নম্বর কোর্টে মুভ (মামলা নিয়ে যাবে) করবে। কিন্তু মুভ করছে গিয়ে ১৩ নম্বর কোর্টে। ফলে আমার ওই অফিস, ওই কোর্ট এটা জানতে পারে না। যদি সেল সবসময় ট্র্যাকিং করতে থাকে, কোন জঙ্গি কোন কোর্টে মামলা নিয়ে মুভ করল এবং ইমিডিয়েটলি যদি আমাকে জানানো হয়, তাহলে আমরা বা আমার সহকর্মীরা প্রবলভাবে বাধা দিতে পারি।”
জঙ্গিদের জামিন এড়াতে মামলা লেখায় পুলিশের আরও সচেতনতার উপর জোর দেন মাহবুবে আলম।
“যখন এজাহার করা হয়, সেটা যদি ঠিকমতো করা না হয়, ……তাদের থেকে কী কী আলামত পাচ্ছে, সেটা যদি সঠিকভাবে না উল্লেখ করা হয় বা চার্জশিট যদি ঠিকমতো না দেওয়া না হয়, তাহলে তার ফাঁক-ফোকরেই তারা বেইলের (জামিনের) সুযোগ নিচ্ছে।”
এজন্য সুনির্দিষ্ট কয়েকটি সুপারিশও প্রস্তাব করেন অ্যাটর্নি জেনারেল।
এর মধ্যে রয়েছে- এজাহার যাতে ঠিকমতো হয়, অভিযোগপত্র যাতে ঠিকমতো হয়, সাক্ষী যেন ধার্য দিনে উপস্থিত হয়, আলামতগুলো যাতে ঠিকমতো করা হয়।
