২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে দুই দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জুলিয়া নিবলেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 06:48 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

বুধবার অস্ট্রেলিয়ার নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। রাষ্ট্রপতি এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।”

“দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাণিজ্য বৃদ্ধির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যায় উল্লেখ করে রাষ্ট্রপতি নতুন দূতকে এ সুযোগ আরও বাড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জুলিয়া নিবলেট বলেন, তিনি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবেন।

দায়িত্ব পালনকালে নতুন দূত রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরে বাংলাদেশে নিযুক্ত ভুটানের নতুন দূত সোনাম তোবডেন রাবগায়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ভুটানের দূতকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, ভুটান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমান্বয়ে বাড়ছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভুটানের কাছে থেকে বিদ্যুৎ আমদানি করতে চায়। তিনি এসময় বিবিআইএন ফ্রেমওয়ার্কের আওতায়  ভুটানের দরজিলং (১১২৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশকে ত্রিপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে নেওয়ার প্রশংসা করেন।

আবদুল হামিদ আশা প্রকাশ করেন, ওই প্রকল্প সম্প্রসারণ হবে এবং ভুটান তার জলবিদ্যুতের অন্যান্য প্রকল্পেও বাংলাদেশকে সঙ্গে নেবে।

গত জুলাই মাসে রাষ্ট্রপতি আবদুল হামিদের চারদিনের ভুটান সফরের কথা উল্লেখ করে নতুন দূত বলেন, ওই সফর দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি মাইল ফলক।

এর আগে নতুন দুই দূতকে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেয়।