২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ‘গ্যাসের ক্রিয়ায়’ চীনা নাগরিকসহ দুজনের মৃত‌্যু

বাগেরহাটের মংলায় পুরনো একটি বার্জে জমে থাকা ‘গ্যাসের বিষক্রিয়ায়’ দুই জনের মৃত্যুর হয়েছে, যাদের মধ্যে একজন চীনা নাগরিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

ঝ্যাং নামের ৫০ বছর বয়সী ওই চীনা নাগরিক পদ্মাসেতুর নদী শাসনের দায়িত্বে থাকা চীনা কোম্পানি সিনোহাইড্রো করপোরেশনের কর্মকর্তা বলে বসুন্ধরা গ্রুপের এক কর্মকর্তা জানিয়েছেন।

আর ওই চীনা নাগরিককে উদ্ধার করতে গিয়ে মাসুদ শেখ (৪২) নামে অন্য জনের মৃত্যু হয়, যিনি বসুন্ধরার মেঘনা সিমেন্ট মিলসের টেকনিশিয়ান ছিলেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মংলা সিমেন্ট কারখানার পাশে পরিত্যক্ত ভাসমান একটি বার্জে এ ঘটনা ঘটে।

মেঘনা সিমেন্টের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর সাকির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৫ সালে তৈরি ওই বার্জটি রিকন্ডিশনড অবস্থায় ২০০২ সালে কিনেছিলেন তারা। কিছুদিন আগে সেটি পরিত্যক্ত ঘোষণা করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

আকৃতিতে একটি ফেরির মতো ওই বার্জ মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত হতো জানিয়ে সাকির আহমেদ বলেন, বার্জের নিচে বেশ কিছু বন্ধ চেম্বার ছিল, যেগুলো কেনার পর আর খোলা হয়নি।

“বেলা ১১টার দিকে ওই চীনা নাগরিক একজন দোভাষী, একজন ড্রাইভার এবং একজন গাইড নিয়ে বার্জ দেখতে আমাদের মংলা অফিসে আসেন। আমরা তাকে দেখার সুযোগ দেই।

“বার্জটি দেখতে গিয়ে তিনি ভেতরে গিয়ে নাট-বোল্ট খুলে একটি বন্ধ চেম্বারের ভেতরে ঢুকে যান। সে সময় দোভাষী নিষেধ করলেও তিনি শোনেননি। ঢোকার পরপরই তিনি সিঁড়িতে পড়ে যান এবং মাথা কেটে যায়।

এরপর মেঘনা সিমেন্টের ওই কর্মী সেই চীনা নাগরিককে উদ্ধার করতে গিয়ে নিজেও ভেতরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান সাকির।

মেঘনা সিমেন্ট মিলসের ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঙ্গীদের বাইরে রেখে ওই চীনা নাগরিক বার্জের ঢাকনা খুলে ভেতরে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তিনি ফিরে না আসায় মাসুদ তাকে খুঁজতে বার্জের ভেতরে ঢোকে।

“মাসুদও ফিরে না আসায় বার্জের বাইরে থাকা সাঈদ ও বেলাল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল নিয়ে বার্জের ভেতরে গিয়ে তাদের উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

পরে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয় বলে মংলা থানার উপ-পরিদর্শক মনজুর এলাহী জানান।

মংলা বন্দর হাসপাতালের চিকিৎসক প্রকাশ মণ্ডল বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

“বার্জের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমেছিল। অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

সাকির জানান, ঘটনার পর তারা বার্জের চেম্বারের ভেতরে হারিকেন নামিয়ে দেখেছেন, আধা হাত নিচে গেলেই হারিকেন নিভে গেছে। কয়েকবার এ পরীক্ষা করে একই ফল পেয়েছেন। গ্যাস থাকায় এমন ঘটছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঝ্যাং  পদ্মাসেতুর নদী শাসনের দায়িত্বে থাকা সিনোহাইড্রোতে কাজ করেন। সিনোহাইড্রোর পক্ষ থেকেই তিনি বার্জটি কেনার জন্য দেখতে এসেছিলেন বলে আমরা শুনেছি। সকালের ঘটনার পর ওই প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল এ এলাকা ঘুরে গেছে।”