‘শোক হোক শক্তি’
গুলশানের হলি আর্টিজান বেকারি ঘুরে দেখে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন ইতালির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিও জাইরো।
চার দিন আগে ওই বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত নয় ইতালীয় নাগরিকের মরদেহ বুঝে নিতে মঙ্গলবার ভোরে ঢাকায় আসার পর সকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে ঘটনাস্থলে যান তিনি।
তাদের দুজনের কথাতেই ছিল ‘শোককে শক্তিতে’ পরিণত করে উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রত্যয়।
গত শুক্রবার কূটনীতিকপাড়া গুলশানের ওই বেকারিতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হানা দেয় একদল উগ্রবাদী তরুণ। তাদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা; ভেতরে আটকা পড়েন দেশি-বিদেশি অতিথিরা।
প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে। কিন্তু তার আগেই হামলাকারীরা ১৭ বিদেশিসহ ২০ জনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে।
ওই ঘটনায় কামান্ডো অভিযানে নিহত যে পাঁচ জঙ্গির নাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে গুলশান থানায়।
নিহত যারা
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
ইতালির নয়জন হলেন নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দ আলেস্ত্রো,ক্লদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, ক্লদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট। তাদের সাতজনই গার্মেন্ট ব্যবসায় ছিলেন।
গুলশানের ক্যাফে পরিদর্শনের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন মারিও জাইরো।
প্রায় একই সুরে শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, “কষ্টের এই অধ্যায়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। দুই দেশের মধ্যে সহায়তা আরও বাড়বে। আমাদের সকলে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে।”
