ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক
ভুয়া দলিল বন্ধক রেখে ১৫ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই সাবেক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে অর্থ আত্মসাতের একটি অভিযোগ কমিশন কার্যালয়ে এসেছিল।
যে চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, ইসলামী ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (প্রাক্তন) মো. ইনামুল হক, সাবেক এসপিও মো. শামছুদ্দিন, ডেভেলপার প্রতিষ্ঠান আরবান স্কাই লাইন লিমিটেডের এমডি আল ফাত্তাহ হাবিবুল্লাহ এবং এবং থ্রি স্টার অ্যান্ড কোং এর স্বত্ত্বাধিকারী ডা. এম এ মান্নান।
দুদকের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত এই চারজন পরস্পর যোগসাজশে ভুয়া দলিল বন্ধক রেখে ইসলামী ব্যাংকের বংশাল শাখা থেকে মোট ১৫ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৪৪৬ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন।
২০১৫ সালে এ বিষয়ে কমিশনে একটি অভিযোগ এলে তা অনুসন্ধানের পর বিষয়টির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “মামলা হলে এজাহার থেকে বিস্তারিত সব জানতে পারবেন।”
