২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাতিসহ ঢাকায় গ্রেপ্তার ২ ‘জঙ্গি’ রিমান্ডে

সাঁড়াশি অভিযানের মধ্যে ঢাকায় গ্রেপ্তার ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর দুই সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 05:25 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

কামরাঙ্গীর চরে চাপাতিসহ দুই ‘জঙ্গি’ গ্রেপ্তার

মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মান ওরফে আরাফাত নামে ওই দুজনকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলামের করা আবেদন শুনে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে কামরাঙ্গীর চর থেকে চাপাতি ও জিহাদি বইসহ ওই দুজনকে গ্রেপ্তার করার কথা মঙ্গলবার জানায় পুলিশ।

এদের মধ্যে মোজাহিদুল কুমিল্লা ও আরিফুল চট্টগ্রামের বাসিন্দা। তারা নিষিদ্ধ ঘোষিত ওই জঙ্গি দলের অর্থ সংগ্রহ ও প্রচার কাজে যুক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।

পরে পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শীর্ষ এক নেতার নির্দেশে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে তারা কামরাঙ্গীর চরে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে গত রাত সাড়ে ৯ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে কামরাঙ্গীর চর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।