কামরাঙ্গীর চরে চাপাতিসহ দুই ‘জঙ্গি’ গ্রেপ্তার
সারাদেশে সাঁড়াশি অভিযানের মধ্যে ঢাকার কামরাঙ্গীর চর থেকে চাপাতি ও জিহাদি বইসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে মো. মোজাহিদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সোলায়মান ওরফে আরাফাতকে নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার মহানগর পুলিশের এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।
পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, গ্রেপ্তাররা ওই জঙ্গি দলটির ‘অর্থ সংগ্রহ ও প্রচার কাজে’ যুক্ত ছিলেন।
“শীর্ষ এক নেতার নির্দেশে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে তারা কামরাঙ্গীর চরে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে গত রাত সাড়ে ৯ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার মোজাহিদুলের বাড়ি কুমিল্লায়। আর সোলায়মান ওরফে আরাফাত চট্টগ্রামের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে কামরাঙ্গীর চর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে বলে মনিরুল জানিয়েছেন।
