২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গোলাগুলির পর ৭ ‘ডাকাত’ গ্রেপ্তার, ওসি আহত

পুরান ঢাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর অস্ত্রসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 11:06 AM

Updated : 20 Aug 2022, 12:57 PM

শনিবার মধ্যরাতের পর গেন্ডারিয়া থানার নামাপাড়া মসজিদ এলাকার এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ চার জন আহত হয়েছেন বলে গেন্ডারিয়া থানার এএসআই ইলামনি সাহা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ১টার দিকে নামাপাড়া মসজিদের পাশের এক বাড়িতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে।

“পুলিশের একটি দল নিয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দল টের পেয়ে যায়। তারা পুলিশের দিকে গুলি ছোড়া শুরু করলে একটি গুলি ওসি স্যারের বাঁ পায়ে গিয়ে লাগে।

“পুলিশ পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত আহত হয়। পরে সাত ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।”

তাদের কাছে একটি পিস্তল ও ছয়টি গুলিসহ বেশ কয়েকটি দেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলে জানান এএসআই ইলামনি।

তিনি জানান, গুলিবিদ্ধ গেন্ডারিয়া থানার ওসি মিজানুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তবে শনিবার রাত আড়াইটার দিকে সজীব, স্বপন ও মিলন নামে তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।