‘তাদেরও পরিবার আছে, ভুলে যাচ্ছে?’
দেশে একের পর এক গুপ্তহত্যা ঘটিয়ে এখন যারা পরিবারের ক্ষতি করতে শুরু করেছে, তাদের কেউ ‘পার পাবে না’ বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জঙ্গি দমন অভিযানে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনা নিয়ে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। যারা হত্যা করছে তারা এবং তাদের প্রভু যেই হোক না কেন, তাদের আমরা রেহাই দেব না। যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেব।”
ঢাকার পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত পুলিশ সুপার বাবুল আক্তার গত দুই বছর চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হন। গত রোববার সকালে নগরীর জিইসির মোড়ে তার স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়।
পুলিশ বলছে, জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে খুন করা হয়ে থাকতে পারে।
ওই প্রসঙ্গ টেনে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুনে নেসা বাপ্পীর এক সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, “আমার একটি কথা হল, আজকে যারা পরিবারের ওপর হাত দিয়েছে, তারা কি ভুলে যায় যে তাদেরও পরিবার আছে? তাদেরও বাপ-মা, ভাই-বোন আছে, তাদেরও স্ত্রী আছে। একবার একভাবে থেকে যদি আঘাত আসে, তাহলে অন্যদিকেও আঘাত যেতে পারে। এটা কী তারা ভুলে যাচ্ছে?”
যারা সন্ত্রাসী ও গুপ্তহত্যায় জড়াচ্ছে, তাদের এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
জঙ্গি হামলা ঠেকাতে জনগণও যে ‘প্রতিরোধ’ গড়তে পারে- সে বিষয়ে সতর্ক করে সরকার প্রধান বলেন, “এভাবে যদি পরিবারের ওপর হাত দিতে শুরু করে, তাহলে কিন্তু কারও হাতই থেমে থাকবে না। জনগণকে থামিয়ে রাখতে পারবে না।”
বলা হয়, মিতুর স্বামী বাবুল আক্তারের তদন্তের জোরেই পুলিশ চট্টগ্রামে জেএমবির একটি আস্তানার খোঁজ পায়, গ্রেপ্তার করা হয় ওই জঙ্গি দলের সামরিক শাখার প্রধানকে।
ওই ভূমিকার জন্য প্রশংসার পাশাপাশি পুরস্কৃতও হয়েছেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার।
তার স্ত্রী মিতুকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সঙ্গে গত দুই বছরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মিল পাওয়া যায়, যেগুলোতে জঙ্গি সম্পৃক্ততা পেয়েছেন তদন্তকারীরা।
চলতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী, টাঙ্গাইলে হিন্দু দর্জি নিখিল চন্দ্র জোয়ারদার, পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়, এবং গতবছর আশুলিয়ায় পুলিশ হত্যা, দিনাজপুরে ইতালীয় এক পাদ্রীকে হত্যা চেষ্টার ঘটনাতেও হামলাকারী ছিল তিনজন। মোটর সাইকেলে আসে, অস্ত্র হিসেবে ব্যবহার করে ছুরি, চাপাতি, পিস্তল।
এর মধ্যে বেশ কয়েকটি ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা পেয়েছে পুলিশ ও র্যাব। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, “একটা কথা এখানে বলতে চাই, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দেখবেন তাদের প্যাটার্নটাও একই রকম। তারা ঠিক একই জায়গায় কোপ দেয়। একইভাবে গুলি করে মারে।”
গুপ্তহত্যার কয়েকটি ঘটনায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তারের কথাও সংসদের সামনে তুলে ধরেন সরকারপ্রধান।
মিতু হত্যায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে গুপ্তহত্যা করে যদি মনে করে দেশ একেবারে উল্টে দেবে, তা কিন্তু তারা পারবে না। হত্যাকারী ঠিকই ধরা পড়বে; তারা সাজা পাবে। সর্বোচ্চ সাজা এই হত্যাকারীরা ভোগ করবে।”
খুনের মামলা ‘কখনো তামাদি হয় না’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন,“যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জাতির পিতাকে যারা হত্যা করেছিল সেই খুনিদের বিচার আমরা করেছি। আজ যারা গুপ্তহত্যায় জড়িত, তারা যদি মনে করে যে গুপ্তহত্যা করে পার পেয়ে যাবেন, ইনশাআল্লাহ তারা পার পাবেন না। তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে।
“তাদের প্রভু যারাই হোক, তাদেরও আমরা রেহাই দেব না; এটা হলো বাস্তব কথা।”
