২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিবাইক নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান মেয়ররা

ব্যাটারিচালিত তিন চাকার বাহন ইজিবাইক নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চেয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনের মেয়ররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজার নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে রোববার সচিবালয়ে এক বৈঠকে তারা এই সহযোগিতা চান।

দেশের ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচলে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।

সিটি করপোরেশন এলাকায় ইজিবাইকের লাইসেন্স না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও ওইসব এলাকায় হাজার হাজার ইজিবাইক চলছে।

বৈঠকে এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে দায়ী করেন মেয়ররা।

খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস তার এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণে মন্ত্রীর সহযোগিতা চান।

এ সময় মোশাররফ বলেন, “কী করণে রাস্তায় ইজিবাইক আছে? লাইসেন্স পেল কীভাবে, সিজ (বাজেয়াপ্ত) করেন। লাইসেন্স ছাড়া কি পাবলিক ট্রান্সপোর্ট রাস্তায় চলতে পারে?

“ওগুলো যাতায়াতের সুবিধার চেয়ে অসুবিধা বেশি করে। তাদের (ইজিবাইক) সমিতিকে ডাকেন, সভা করেন। আগে থেকে সতর্ক থাকলে এই বিপদে পড়তাম না।”

বৈঠকে মন্ত্রীকে নগরী থেকে ইজিবাইজ উচ্ছেদে সমস্যার কথা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

“সমস্যা হলো ধরতে (ইজিবাইক) গেলে শ্রমিক নেতারা আন্দোলন করেন। যোগাযোগমন্ত্রী নারায়ণগঞ্জ গিয়ে নিষেধ করার পরও চলছে। সারাদিন যানজট লেগে থাকে। এসব বিষয়ে স্থানীয় সরকার ও সড়ক পরিবহন মন্ত্রণালয় মিলে কড়া সিদ্ধান্ত নিতে হবে।”

রংপুরের মেয়র শরফুদ্দিন আহমদ ঝন্টু বলেন, “ইজিবাইক নেতাদের মধ্যে বড় বড় এমপি-মন্ত্রীরাও আছেন।”

বরিশালের মেয়র আহসান হাবীব কামাল বলেন, “ইজিবাইক নেতাদের সঙ্গে পুলিশের সম্পর্ক আছে, মাসোহারা পায়। যখনই ধরতে যাই, পুলিশ এসে আমাদের লোকদের উপর আক্রমণ করে।”

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনও তার এলাকার ছোট রাস্তায় ইজিবাইক চলাচলের কথা স্বীকার করেন।

মেয়রদের বক্তব্য শুনে স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টি জেলা প্রশাসকের নেতৃত্বে যেসব কমিটি রয়েছে সেখানে তোলার পরামর্শ দেন।

সভায় গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ আটক গাড়ি রাখার জন্য স্থান বরাদ্দ চান।

জবাবে মন্ত্রী বলেন, “জায়গা কি জাপান থেকে কিনে আনা যাবে? জায়গা চিহ্নিত কর। ক্যাবিনেটে তোমাদের পক্ষে কথা বলব।”

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ওয়াসার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

গাড়ি পেলেন ৯ উপজেলা চেয়ারম্যান

নতুন সৃষ্ট নয়টি উপজেলার চেয়ারম্যানদের একটি করে জিপ গাড়ি দিয়েছে সরকার।

সচিবালয় রোববার এক অনুষ্ঠানে তাদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ।

অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। উপজেলা পরিষদ জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি।

এসময় উপজেলা চেয়ারম্যানদের সরকারের বিভিন্ন সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন মন্ত্রী।

পুরনো খবর:

বাড়ি গিয়ে পানি দিবা, মাফও চাইবা: ওয়াসাকে মন্ত্রী
ইজিবাইককে গণপরিবহনের স্বীকৃতি দাবি
ইজিবাইকের বিরুদ্ধে সোচ্চার কাদের