বাড়ি গিয়ে পানি দিবা, মাফও চাইবা: ওয়াসাকে মন্ত্রী
রমজানে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করতে না পারলে ওয়াসাকে পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে বাসিন্দাদের কাছে ক্ষমাও চাইতে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজায় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিয়ে রোববার সচিবালয়ে এক সভায় তিনি এই নির্দেশ দেন।
বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, ভারপ্রাপ্ত মেয়র ও এর প্রধান নির্বাহী কর্মকর্তারা রোজাকে সামনে রেখে তাদের প্রস্তুতির কথা তুলে ধরে সমস্যার কথাও মন্ত্রীকে জানান।
ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহমুদ হোসেন বলেন, “আমরা প্রতিদিন ২৪৫ কোটি লিটার পানি সরবরাহ করে আসছি।”
তার কথা শেষ না হতেই মন্ত্রী মোশাররফ বলেন, “ঢাকায় পৌনে দুই কোটি লোকের ৯০ থেকে ৯৫ ভাগ রোজা রাখেন। প্রতিদিন কোনো না কোনো এলাকায় ওয়াসার পানির স্বল্পতা দেখা দেয়।”
“পানি বাড়ি বাড়ি পৌঁছে দিবা, দরজা খুললে মাফ চাবা। এটা করা যাবে তো, নাকি? মন্ত্রী হিসেবে আমি নির্দেশ দিয়েছি।”
মন্ত্রীর বক্তব্যের সময় ওয়াসার এই কর্মকর্তা ‘স্যার’, ‘স্যার’ বলে সম্মতি জানান।
খন্দকার মোশাররফ বলেন, “রমজানে পানি না দিলে আল্লাহও কিন্তু তার বিচার করবে।”
রোজার সময় গ্রাহকদের সমস্যা জানতে ওয়াসাকে ২৪ ঘণ্টার জন্য একটি নিয়ন্ত্রণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “কোথাও পানির সমস্যা হলে যেন আপনারা সঙ্গে সঙ্গে জানাতে পারেন। কন্ট্রোল রুম করলে আপনারাও ২৪ ঘণ্টা খবর পাবেন।”
নিয়ন্ত্রণ কেন্দ্র খোলার বিষয়টি টেলিভিশনে বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানানোরও নির্দেশ দেন মন্ত্রী।
পাইপ লাইনের বাইরে অন্যভাবে পানি বিক্রি বন্ধ করতে ওয়াসাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, “তোমরা পানির কৃত্রিম সংকট তৈরি করে পানি বেচ।”
মন্ত্রীর এই মন্তব্যে কয়েকজন মেয়র সমর্থন জানান।
এরপর মোশাররফ বলেন, “রমজানের দিনে যদি পানি না থাকে তাহলে গর্হিত অন্যায়। এটা ওয়াসার গুরু দায়িত্ব। পানির সাপ্লাই নিশ্চিত করতে হবে। পানি নিয়ে ব্যবসা করা ঠিক হবে না।”
আসন্ন শুকনো মৌসুমে ঢাকায় পানির স্বল্পতা নিরসনে একটি পরিকল্পনা করার কথা জানান তিনি।
