২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে ওয়াসার পানি বিক্রি বন্ধ

একটি অসাধু চক্র দুর্নীতি করছে এই পর্যবেক্ষণ থেকে গাড়িতে করে ওয়াসার পানি বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 03:55 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

ওয়াসার পানি ‘পানের জন্য নয়’

বুধবার সবিচালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওয়াসাকে এই নির্দেশ দেন।

তিনি বলেন, “কিছু অসাধু চক্র পানি বিক্রি করে, এটা কমপ্লিটলি বন্ধ। আমার বাড়িতে যদি আমি পানি না পাই, ওয়াসার ডিউটি হলো আমার বাড়ি পর্যন্ত পানি পৌঁছে দেওয়া।”

মন্ত্রীর বাড়িতে ওয়াসার পানি পৌঁছে দেওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মোশাররফ বলেন, “আমি তো জনগণেরই প্রতিনিধি, নাকি?

“আমারটা দেবে মানে কী? আমার কি লেজ একটা বেশি আছে নাকি? আমি পাইলে আপনারা সবাই পাবেন। পানি দেওয়ার দায়িত্ব ওয়াসার। যদি কোনো কারণে পানি সেখানে না যায় ওয়াসা যেভাবেই হোক, পানি সেখানে পৌঁছাবে।”

ওয়াসায় পানি বিক্রি বা কেনার পদ্ধতি থাকলেই সেখানে দুর্নীতি হবে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন, “তখন পানির জার বিক্রির জন্য ইচ্ছে করে পানির স্বল্পতা সৃষ্টি করবে।”

রাজধানীর প্রায় দেড় কোটি মানুষের জন্য প্রতিদিন ২৩০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও এর বিপরীতে ওয়াসার উৎপাদন ক্ষমতা ২১০ কোটি লিটারের মতো। এর ৭৮ শতাংশ তোলা হয় গভীর নলকূপ দিয়ে, বাকিটা নদীর পানি।

শুকনো মৌসুমে পানির স্তর নিচে নেমে গেলে প্রতি বছরই পুরান ঢাকাসহ রাজধানীর কিছু এলাকার বাসিন্দাদের সঙ্কটে পড়তে হয়। বাসার পাইপ লাইনে পানি না এলে বাসিন্দাদের ওয়াসার পানির গাড়ির অপেক্ষায় থাকতে হয়।    

ওয়াসার এমডি তাকসিন এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ হাজার লিটার ধারণ ক্ষমতার বড় গাড়ি ৫০০ টাকা এবং ছয় হাজারের ছোট গাড়ির জন্য ৪০০ টাকা নিয়ে তারা এতোদিন ওইসব এলাকায় চাহিদা অনুযায়ী পানি দিয়ে আসছিলেন। 

অবশ্য প্রতি গাড়ি পানির জন্য সংশ্লিষ্টদের ১২ শ’ থেকে দেড় হাজার টাকা গুণতে হতো বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ নিয়ে সংবাদ মাধ্যমে বহুবার খবরও প্রকাশিত হয়েছে।      

বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা থেকে ঢাকাকে ‘মুক্ত রাখা’ এবং চাহিদা অনুযায়ী ওয়াসার পানি সরবারহ নিয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র, ওয়াসার এমডিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী।

ঢাকায় জলাবন্ধতা নিয়ে দুই সিটি করপোরেশন ‘বছরে দুই বার খুব বিপর্যয়ে পড়ে’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “বর্তমানে পানির সমস্যা নিয়ে বিপর্যয়ের মধ্যে আছি। বিভিন্ন এলাকায় পানির সাপ্লাই আমরা দিতে পারি না। সাপ্লাই দিলেও দুর্গন্ধযুক্ত ময়লা পানি, নানান রকম অভিযোগ আছে। সুপেয় পানি পাওয়া সবার জন্মগত অধিকার।”

শুকনো মৌসুমে পানির অভাব, আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি- ঢাকাবাসীর এই সমস্যা অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। 

আগামী বর্ষায় যাতে জলাবদ্ধতা না হয়, সেজন্য বিস্তারিত পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী।

“৩০ মের পরে আগামী বর্ষা মৌসুমের জন্য আমরা প্রস্তুত থাকব। সেই লেভেলের জলাবদ্ধতা আর ঢাকায় দেখতে পাবেন না। আমরা আর একটা বছর সময় পেলে ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে পারব ইনশাল্লাহ।”

ঢাকাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় বেদখল হওয়া খালগুলো অবৈধ দখলমুক্ত করা হবে বলেও জানান মোশাররফ।

সামান্য বৃষ্টিতেই রাজধানীর শান্তিনগরে জলাবদ্ধতা হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, “শান্তিনগরে আর পানি থাকবে না, আপনারা পানির জন্য কান্নাকাটি করবেন, আমরা এমন ব্যবস্থা করতাছি।

“প্রত্যেক এলাকার পানির সমস্যা চিহ্নিত করা হয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। এই শুষ্ক মৌসুমে পুরোপরি রিলিফ দিতে না পারলেও সামনের শুষ্ক মৌসুমে ইনশাল্লাহ পানির কোনো সমস্যা থাকবে না।”

ঢাকার পানির সমস্যার কথা ওয়াসা স্বীকার করে না- এক সাংবাদিকের এ বক্তব্যে মন্ত্রী ওয়াসার এমডির সামনেই বলেন, “আচ্ছা... দাঁড়ান, দাঁড়ান জবাবটা দেই।

“আপনি কি জীবনে কোথাও শুনছেন যে কোনো গোয়ালা তার দইরে টক বলছে? শুনেন নাই। বলবে না কেউ, স্বীকার করবে না যে আমার কমতি আছে।”

ওয়াসা ঠিকমতো পানি ‘ম্যানেজ’ করতে পারছে না স্বীকার করে মন্ত্রী বলেন, “পানিটা সাপ্লাই দিয়ে এর সুষম বণ্টন করা ওয়াসার একার পক্ষে সম্ভব না, সকলের সহযোগিতা দরকার।”

ওয়াসাকে সিটি করপোরেশনের অধীনে ছেড়ে দেওয়ার কোনো চিন্তা আছে কি না- এ প্রশ্নে মোশাররফ বলেন, “ওয়াসারে আমরা আমাদের মন্ত্রণালয়ের অধীনেই রাখতে পারছি না। সেটাকে এক ধাক্কায় করপোরেশনের অধীনে নিয়ে যাব- এইটা দাবি থাকতে পারে, কিন্তু আইনগত…।”

মন্ত্রীর কথা শেষ না হতেই উত্তরের মেয়র আনিসুল হক বলেন, কিছু কাজ ওয়াসা মনে করে সিটি করপোরেশনের করা উচিত। আর সিটি করপোরেশন মনে করে ওই কাজ ওয়াসার।

“সেই কারণে আমরা বলেছি, স্টর্ম ড্রেনেজ প্রোপারলি ফাংশনাল করতে হলে সেটা যদি আমাদের দায়িত্বে দেওয়া হয়, আমরা সেই ডিপার্টমেন্ট নিতে রাজি আছি।”