ইজিবাইকের বিরুদ্ধে সোচ্চার কাদের
ব্যাটারিচালিত তিন চাকার বাহন ইজিবাইকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জ/মুন্সীগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটারিচালিত তিন চাকার বাহন ইজিবাইকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এসব পরিবহনে চার থেকে পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। আর এসব ব্যাটারি চার্জ করা হচ্ছে ‘চুরি করা’ বিদ্যুতে।
শুক্রবার সকালে ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মোক্তারপুর সেতু পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পথে পাঁচ-ছয়টি স্থানে গাড়ি থেকে নেমে ইজিবাইক আটকে দেন মন্ত্রী। তার প্রশ্নের মুখে অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ করার কথা স্বীকার করেন কয়েকজন চালক।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চবটিতে হঠাৎ করেই গাড়ি নেমে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের দিকে ছুটে যান ওবায়দুল কাদের। আগুয়ান মন্ত্রীকে দেখে বাইকে যাত্রী রেখেই রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায় চালক।
এরপর আরো একটি ইজিবাইক আটকে চালক সোহেলের সঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী।
মন্ত্রী জানতে চান, কীভাবে তার ইজিবাইকটি চলছে। এটি চার্জ করার জন্য বিদ্যুৎ নেওয়া হচ্ছে কোথা থেকে।
এ প্রশ্নের জবাবে চালক সোহেল স্বীকার করেন যে, চুরি করা লাইনের বিদ্যুত দিয়েই তার ব্যাটারি চার্জ হয়।
এ কথা শুনে ক্ষুব্ধ ওবায়দুল কাদের বলেন, “এ কারণেই দেশে লোডশেডিং হচ্ছে।”
কয়েকজন চালক মন্ত্রীকে জানান, তারা বাধ্য হয়েই ইজি বাইক চালাচ্ছেন। বেকারত্ব দূর করতে এ বাইক তাদের কাজে আসছে। তাই এ বাহন চলাচল বন্ধ না করার আহবান জানান তারা।
তবে এ পরিবহনটি যে অনেক ঝুঁকিপূর্ণ এবং এর কোনো লাইসেন্স নেই- তাও স্বীকার করেন চালকরা।
ইজিবাইক ছাড়াও মহাসড়কে করিমন-নসিমনসহ সব ধরনের ‘অবৈধ’ যান চলাচলে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব বাহন যানজট ছাড়াও রাস্তা নষ্ট করে এবং জীবনের ঝুঁকি বাড়ায়।
তিনি স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশ দেন তিনি।
দাম তুলনামূলকভবে কম হওয়ায় এবং রিচার্জেবল ব্যাটারিতে চলে বলে গত কয়েক বছরে সারা দেশে বিপুল পরিমাণ ইজি বাইক চলাচল শুরু করে। তবে চীন থেকে আমদানি করা এসব বাহনের কারণে বিদ্যুতের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ ধরনের বাহন বন্ধের জন্য যোগাযোগ মন্ত্রণালয় গত বছর আলোচনা শুরু করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
পঞ্চবটি থেকে মোক্তারপুর পর্যন্ত মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর ‘এক্সিট পয়েন্ট’ হওয়ায় নারায়ণগঞ্জে শিগগিরই তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।
এজন্য সৌদি আরব সরকারের অর্থায়নে ৪৭৭ কোটি টাকা ব্যায়ে সেতুর নকশা প্রণয়ন ও আনুসাঙ্গিক কাজ শেষ করা হয়েছে। বিষয়টি পরিকল্পনা মন্ত্রণালয়ও অনুমোদন করেছে বলে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “এদেশে টাকা ছাড়ের যে জটিলতা, তা অনেক মহতি উদ্যোগকে ব্যর্থ করে দেয়। অনেক ভালো কাজ সময়মতো টাকা ছাড়ের প্রক্রিয়াগত জটিলতার কারণে সম্পন্ন করতে পারি না।”
রাস্তা ভালো হলেই দুর্ঘটনা কমে যাবে এমন ভাবা ঠিক হবে না বলেও তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সড়ক ভাল রাখতে হলে আশেপাশের কাঁচাবাজার, অবৈধ দোকান পাট উচ্ছেদ করতে হবে।
সেতু বিভাগের সচিব আনোয়ার হোসেন, সেনবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ সাঈদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়রিং কন্সট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সম্প্রতি পঞ্চবটি থেকে মোক্তারপুর পর্যন্ত সড়কের সংস্কার কাজ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫০৩ ঘ.
