২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ ধরনের হত্যা বন্ধে সতর্ক হতে হবে: রওশন

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 01:32 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়ে ঢাকায় আসা বাবুল আক্তার চট্টগ্রামে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানে ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন। রোববার সকালে চট্টগ্রাম নগরীর জেইসি মোড়ের কাছে ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দেওয়ার সময় তার স্ত্রী মিতুকে গুলি করে হত্যাকারীরা। জঙ্গিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার জাতীয় সংসদে এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের নিন্দা জানান জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ।

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তিনি বলেন, “এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে।”

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করেন রওশন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। এ ধরনের ঘটনা সব দেশেই ঘটছে। পুরো পৃথিবীতেই জঙ্গি উত্থান ঘটছে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না।”

জঙ্গি উত্থানের ভয়ে বিনিয়োগ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।