নির্যাতনে শিশু গৃহকর্মীর মৃত্যু: স্বামী-স্ত্রী রিমান্ডে
নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী হাসিনা আক্তারের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুরের গৃহকর্তা দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
টাউন হল বাজারের দোকানি শরিফুল ইসলাম ও তার স্ত্রী লিজাকে রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিনের হেফাজতের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।
আবেদন শুনে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ একদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, “মেয়েটির মা মামলার এজাহারে উল্লেখ করেছেন, শরিফুল ইসলাম ও তার স্ত্রী লিজা হাসিনাকে আগুনের ছ্যাঁকা দেয়। তারা তার হাতের কনুই ও ডান পায়ের হাঁটুও ভেঙ্গে দেয়।
“পরে শিশুটিকে ধর্ষণ করা হয়।নির্যাতনের আসল রহস্য ও সুষ্ঠু দন্তের স্বার্থে তাদের সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।”
এর আগে ভোরে ওই দুজনকে গাজীপুর থেকে গ্রেপ্তারের পর তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয় বলে ওসি জামাল উদ্দিন মীর জানান।
মোহাম্মদপুরের কাঠপট্টির একটি বাড়ির পাঁচতলায় তাদের বাসায় কাজ করতো মেয়েটির মা ময়ময়নসিংহের কামারপুরের বাসিন্দা সালমা। তিনি অসুস্থ হয়ে পড়ায় ওই সময় কয়েকদিনের জন্য তার ১২ বছরের মেয়েকে ওই বাসায় কাজ করতে পাঠান তিনি।
গত ২০ মে ভোরে শফিকুল নামে এক যুবক তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। এর পর তার মা সালমা বেগম বাদী হয়ে লিজা ও তার স্বামীকে আসামি করে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এর মধ্যে সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় হাসিনা।
ওই দিন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী জানিয়েছিলেন, হাসিনার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।
ঘটনার পর থেকে ওই দুই আসামি পলাতক ছিলেন বলেও জানান তিনি।
