যুদ্ধাপরাধের মামলায় কারাগারে নড়াইলের দুই ‘জল্লাদ’
একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় নড়াইলের ‘জল্লাদ’ হিসেবে পরিচিত আব্দুল ওহাব ও ওমর আলী শেখকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ট্যাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুলাই দিন ঠিক করে দেয়।
গত ৩ মে ট্রাইব্যুনাল দুই ‘জল্লাদ’কে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়ে ১৮ মে হাজির করার নির্দেশ দিয়েছিল। এর ধারাবাহিকতায় দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দুই আসামি নড়াইলের কারাগারে আটক ছিল। চলতি বছরের ২৬ মার্চ তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হয়।
আইনজীবী রেজিয়া বলেন, শান্তি কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার সোলায়মানের নির্দেশে জল্লাদ ওহাব ও ওমর অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে জবাই করে লাশ চিত্রা নদীতে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।
নাশকতার মামলায় আব্দুল ওহাবকে ২০১৫ সালের ১০ ডিসেম্বর সদর উপজেলার ফুলশ্বর এবং ওমর আলী শেখকে ২০১৬ সালের গত ২ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার বরাশুলা থেকে আটক করা হয়েছিল।
