২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথা রাখতে পারলেন না সিইসি

প্রার্থীদের নানা অভিযোগের পর অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার ঘোষণা দিয়েও তা রাখতে পারলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 09:23 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

ইউপি ভোট: শেষ ধাপের প্রার্থিতা জমার সময় বাড়ল
অনলাইনে প্রার্থিতা: সংশোধন হচ্ছে বিধি
ইউপি ভোট: মনোনয়নপত্র জমা নেবে ডিসি অফিসও
শেষবেলায় ইসির ‘বোধোদয়’, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগাদা

মঙ্গলবার ষষ্ঠ ও শেষ ধাপের মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে।

জানতে চাইলে ইসির যুগ্মসচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার অনলাইনে মনোনয়ন নেওয়া সম্ভব হয়নি। নির্বাচনী প্রক্রিয়া চলার মাঝখানে এ ধরনের নতুন পদ্ধতি চালু করায় কিছু জটিলতা রয়েছে। অনেকে মনোনয়নপত্র জমা দিতে বাধা পেয়েছে বলে অভিযোগ করেছে। দুই ধাপের পর শেষ চার ধাপে অনলাইন চালু করলে প্রশ্ন উঠবে- কেন আগে করা হয়নি।”

অনলাইনের এ প্রক্রিয়া ভবিষ্যতে যুক্ত করতে বিধি সংশোধনের কাজটি এগিয়ে রাখা হবে বলে জানান তিনি।

ইসির প্রতিশ্রুতির পরও তৃতীয় থেকে ষষ্ঠ পর্বের ভোট প্রার্থীদের অনলাইনে প্রার্থিতার ব্যবস্থা নেওয়া যায়নি। এক্ষেত্রে আগের মতোই উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহীরা।

প্রথম দুই ধাপ শেষে পরবর্তী চার পর্বে ইউপি প্রার্থীদের অনলাইনে মনোয়নপত্র জমা নেওয়ার কথা ৩ মার্চ সিইসি কাজী রকিব ঘোষণা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে অনলাইন প্রথা চালুর লক্ষে বিধি সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ ৭ মে সিইসি কাজী রকিব সাংবাদিকদের বলেন, “অনলাইনে মনোনয়ন নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সফটওয়্যারের কাজ চলছে। আমরা আশা করি, শেষ ধাপে হলেও তা চালু করতে পারব।”

স্থানীয় সরকারের তৃণমূলে দলভিত্তিক এ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বাধার মুখে বিএনপির প্রার্থীরা বেশকিছু ইউপিতে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

অবশ্য আওয়ামী লীগ তা অস্বীকার করে বলেছে, অনেক ইউপিতে প্রার্থীই খুঁজে পায়নি বিএনপি।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রথমবারের মতো জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেয় ইসি। তবে নানা জটিলতায় অনলাইন পদ্ধতি আর এগোয়নি।

পঞ্চম ধাপে ৩৭১৭ জন মনোনয়ন জমা

চার ধাপের ইউপি ভোট শেষ হয়েছে। ২৮ মে ও ৪ জুন দুই ধাপের ইউপি ভোট বাকি রয়েছে।

পঞ্চম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩ মে। এক সপ্তাহ পার হলেও দায়িত্বশীল কর্মকর্তারা মনোনয়ন দাখিলকারীদের একীভূত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাতে অস্বীকৃতি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসি কর্মকর্তা জানান, এই ধাপে ৭৩৩ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৭১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে দলীয় প্রার্থী রয়েছে এক হাজার ৮২৭ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ৬৯০ জন। আওয়ামী লীগ মনোনীত ৭৩৩ জন ও বিএনপি’র ৬৮০ ইউপিতে প্রার্থী রয়েছে।

এই ধাপে ২৪ জন নৌকা প্রতীকের প্রার্থীর কোনও প্রতিদ্বন্দ্বী নেই।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, মঙ্গলবার শেষ ধাপের ৭২৭ ইউপিতে মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে। মাঠপর্যায়ে থেকে পাঠানো তথ্য একীভূত করে পরে জানানো হবে।