অনলাইনে প্রার্থিতা: সংশোধন হচ্ছে বিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ তৈরি করে দিতে বিদ্যমান নির্বাচন বিধিমালায় সংশোধনী আনছে নির্বাচন কমিশন।
এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রিন্টেড কপিও পৌঁছুতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে।
চলমান ইউপি নির্বাচনে কিছু এলাকায় বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা আসার অভিযোগের মধ্যে অনলাইন সেবা চালুর এ উদ্যোগ এলো।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ৩ মার্চ আইনশৃঙ্খলা বৈঠক শেষে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দেন।
এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো নির্বাচন প্রক্রিয়ায় অনলাইন সেবা চালু করতে সফটওয়্যার তৈরি ও কারিগরি দিক পর্যালোচনা করছে ইসি সচিবালয়। সেই সঙ্গে ইউপি নির্বাচন বিধিমালা সংশোধনে হাত দিয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ সংক্রান্ত সফটওয়্যার তৈরি করছি। তৃতীয় ধাপে অনলাইন সেবা চালু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত করতে হবে। সবকিছু দ্রুত করে অনলাইন সেবা দেওয়ার কাজ চলছে।”
ইসি সচিবালয়ের উপ-সচিব মু. আবদুল অদুদ জানান, প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে বিধিমালা মনোনয়নপত্র জমা সংক্রান্ত দফায় সংশোধনী আনতে প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করা হয়েছে।
ইসির অনুমোদন পেলে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এ কর্মকর্তা জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তা পূরণ করে নির্ধারিত পদ্ধতিতে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
“এরপরও তফসিল ঘোষিত মনোনয়নপত্র বাছাইয়ের দিন অবশ্যই মনোনয়নপত্রের হার্ডকপি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছুতে হবে। কোনোভাবেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তা জমা দেওয়ার সুযোগ থাকবে না,” বলেন আবদুল অদুদ।
এবার সারাদেশে সাড়ে চার হাজার ইউনিয়নে ছয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২ মার্চ ও দ্বিতীয় ধাপের ৩১ মার্চ ভোটের জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র জমার শেষ হয়েছে।
এরপর যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপের ভোটের জন্য মনোনয়নপত্র জমাও শুরু হবে এ মাসের দ্বিতীয়ার্ধে।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন, প্রার্থী-প্রস্তাবক-সমর্থকের স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিতে হবে; সদস্য পদেও অনুসরণ করতে হবে একই নিয়ম।
ইউপিতে অনলাইনে মনোনয়নপত্র নেওয়া শুরু হলে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনেও তা চালু করতে হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।
তাদেরই একজন বলেন, “স্বল্প সময়ে অনলাইন সেবা চালু সম্ভব হবে না। সেক্ষেত্রে চতুর্থ ধাপের জন্য প্রস্তুতি নিতে হবে। কোনো ধরনের ঝুঁকি নিয়ে এ সেবা চালু করলে উল্টো ইসিকে সমালোচনার মুখে পড়তে হতে পারে।”
মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা তা খতিয়ে দেখবেন।
“রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি জেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কাছে মনোনয়ন জমা দিতে পারছে। অনলাইন সেবাও চালু হলে এ ধরনের অভিযোগ আর থাকবে না আশা করি।”
