পানামা পেপার্স ফাঁসকারী আইসিআইজের তথ্য ভাণ্ডারে অর্ধ শতাধিক বাংলাদেশির নাম
বহুল আলোচিত পানামা পেপার্স ফাঁসকারী আইসিআইজের তালিকায় এসেছে অর্ধ শতাধিক বাংলাদেশির নাম, যাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কাজী জাফরউল্যাহ ও নীলুফার জাফরউল্যাহও রয়েছেন।
দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) সোমবার বিশ্বের ২১টি অঞ্চলের তিন লাখের বেশি অফশোর কোম্পানির তথ্যের একটি ডেটা বেইস প্রকাশ করেছে।
যাদের নাম এসেছে, তারা আইন ভেঙে সম্পদ গড়েছেন- এমনটা বলছে না আইসিআইজে। তবে অর্থ পাচার করতে কিংবা কর ফাঁকি দিতে আইনের ফাঁক-ফোঁকর খুঁজেছেন এদের অনেকেই।
আইসিআইজে বলছে, জনস্বার্থে এই তালিকা প্রকাশ করেছে তারা।
পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার বিপুল সংখ্যক নথি গত মাসে ফাঁসের পর বিশ্বজুড়ে তা নিয়ে তুমুল আলোচনা চলছে। এতে অনেক রাষ্ট্রনেতারও অফশোর কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের চিত্র প্রকাশ পায়।
যে কোম্পানিগুলোর নাম এসেছে, সেগুলোর ২ লাখ ১৯৭৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কোনো না কোনো সময় মোস্যাক ফনসেকার গ্রাহক ছিলেন।
বাকি ১ লাখের বেশি কোম্পানি ফনসেকার মতোই সেবাদাতা অন্য দুটি প্রতিষ্ঠানের গ্রাহক।
সোমবার আইসিআইজের প্রকাশ করা ডেটা বেইসে বাংলাদেশিদের তালিকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফরউল্যাহ ও নীলুফারের নাম দেখা গেছে।
জাফরউল্যাহ ও নীলুফারকে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে নিবন্ধিত পাথফাইন্ডার ফিন্যান্স এবং হ্যানসিটিক লিমিটেডের পরিচালক বা অংশীদার হিসেবে দেখানো হয়েছে।
এই তথ্যভাণ্ডারে নাম রয়েছে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীর, যিনি আগে গ্রামীণফোনেও কাজ করেছেন।
তালিকায় রয়েছে আইজিডাব্লিউ অপারেটর সেল টেলিকমের কফিল এইচ এস মুয়ীদ, এক্সেসটেলের মালিক জাইন ওমর, কিউবির অংশীদার আফজালুর রহমান।
বাংলাট্রাকের মালিক আমিনুল হক, তার ছেলে নাজিম আসাদুল হক ও তারিক একরামুল হকের নামও এসেছে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সম্বন্ধী ব্যবসায়ী আজমাত মঈনও এর মধ্যে রয়েছেন।
আব্দুল মোনেম গ্রুপের এ এস এম মহিউদ্দিন মোনেম এবং আসমা মোনেমের নামও রয়েছে এই তালিকায়।
তথ্য ভাণ্ডারে থাকা এদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নাম রয়েছে দিলীপ কুমার মোদি, সরকার জীবন কুমার, মল্লিক সুধীর, কাজী রায়হান জাফর, মো. ইউসুফ রায়হান রেজা, মাহতাবউদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ, ইসরাক আহমেদের।
নোভেরা চৌধুরী, সৈয়দা সামিনা মির্জা, উম্মে রুবানা, বিলকিস ফাতিমা, সালমা হক এই নারীদের নাম রয়েছে তালিকায়।
এছাড়াও ফরহাদ গনি মোহাম্মদ, মো. আবুল বাশার, নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, সৈয়দ সেরাজুল হক, এফ এম জুবাইদুল হক এই নামগুলো এসেছে।
তথ্য ভাণ্ডারে রয়েছে ক্যাপ্টেন এম এম জাউল, মোহাম্মদ শহীদ মাসুদ, খাজা শাহাদত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শহীদ মাসুদ, জুলফিকার হায়দার, মির্জা এম ইয়াহিয়া, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এফ এম জুবাইদুল হক, এ এফ এম রহমাতুল বারী, খাজা শাহাদাত উল্লাহ এই নামগুলোও।
[সংশোধনী: প্রতিবেদনে এর আগে সরকার জীবন কুমারকে টেকনোমিডিয়ার মালিক বলা হলেও বাংলাদেশের টেকনোমিডিয়ার এমডি যশোদা জীবন দেবনাথ জানান, তথ্যটি সঠিক নয়। ]
