৬১৪ ইউপিতে ভোটগ্রহণ
বড় ধরনের গোলযোগ না ঘটলেও নানা অনিয়মের মধ্যে ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ৪৮ জেলার ৮৭ উপজেলার ৬১৪টি ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
অনিয়ম-গোলযোগের শঙ্কার মধ্যে আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থানে শনিবারের এই ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার আশা ছিল নির্বাচন কমিশনের।
গোলযোগ না হওয়ায় সন্তোষ জানালেও কেন্দ্র দখল ও জাল ভোটের অনিয়মে ইসির অসন্তোষের কথা এক নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে পৌঁছান। ঘণ্টাখানেকের মধ্যে বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও পৌঁছে যান।
পরে সিইসির কক্ষে বৈঠকে বসেন চার নির্বাচন কমিশনার।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষমতাসীন দলের আশ্বাস পেয়ে আমরা মনে করেছিলাম-ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ কিছুটা কম হবে। তাদের নেতা-কর্মীরা অনিয়মে জড়াবে না। আমরাও সতর্ক করেছিলাম; কিন্তু দেখছি উল্টো। ঝামেলা তো করেই যাচ্ছে।”
মাঠ পর্যায় থেকে অনিয়মের যথাযথ চিত্র না পেলে ঢাকায় বসে ইসির কিছু করার থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
“ভোটগ্রহণ কর্মকর্তারা ভয়ে থাকলে কিংবা অনিয়মের প্রকৃত চিত্র না পাঠালে আমরা কী করি? প্রশাসন সহায়তা না করলে স্বাধীন সংস্থা কাগজে-কলমে থাকে।”
ইসি কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, শেরপুরসহ বেশ কিছু এলাকায় অনিয়মের তথ্য কমিশনে এসেছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ইসির উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কোনো ইউপির ভোটও বন্ধ হয়নি। তবে কিছু কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানান, এখন পর্যন্ত ১২টি কেন্দ্রে ভোট বন্ধের তথ্য মাঠ পর্যায় থেকে এসেছে। এ সংখ্যা বাড়তে পারে।
ভোট শেষ হওয়ার পরে নানা অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যায় বিএনপির প্রতিনিধি দল।
কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং অন্য দুটিতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সদস্য প্রার্থীর সমর্থকদের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
এ ধাপে ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষে।
চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হলেও সাধারণ এবং সংরক্ষিত সদস্য পদের নির্বাচন হচ্ছে নির্দলীয়।
গত দুই ধাপে অন্তত ৩৫ জন লোকের প্রাণহানি হয়েছে ভোটের আগে-পরের সহিংসতায়। অনিয়মের কারণে শ’খানেক কেন্দ্রও বন্ধ করা হয়।
ইতোমধ্যে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে গাজীপুরে একজন এসপি ও দুইজন ওসিকে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
তৃতীয় ধাপের ভোট তথ্য
তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোটের জন্য ৬৮৫টি ইউপির তালিকা করেছিল ইসি। প্রধান রাজনৈতিক দলগুলোর সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙ্গামাটি ও বান্দরবানের ৫৩ ইউপির ভোট ষষ্ঠ ধাপে নেওয়া হয়েছে। নানা জটিলতায় আরও একডজন ইউপির ভোটও পরের ধাপে গেছে।
শুক্রবার আইনি জটিলতায় আটকে যায় আরও তিন ইউপির নির্বাচন।
লক্ষ্মীপুরের দুটি ইউপি’র সব পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোট হয়নি।
ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন নির্বাচিত হয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক জানান, এ ধাপে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭২ জন। সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ২৯৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।
এসব ইউপিতে মোট ভোটার ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন। ভোটের দিন ছয় হাজার ৭৫ টির বেশি কেন্দ্রে লক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত থাকবে।
তৃতীয় পর্বে প্রার্থী ও দল
তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মোট ১৪টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৪৮৭ জন এবং স্বতন্ত্র ১ হাজার ১৮৫ জন।
দলীয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৬২০ জন, বিএনপির ৫৩৯ জন, জাতীয় পার্টির ১৬৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ২৬ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯২ জন, জাতীয় পার্টি- জেপির ৩ জন, খেলাফত মজলিসের ২ জন, বিকল্পধারার ৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১০ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩ জন এবং বাসদের ১ জন ও অন্যান্য দলের ৪ জন।
দুই পর্বের ফল
প্রথমবারের মতো দলভিত্তিক এই ইউপি নির্বাচনে অন্তত দেড় ডজন দল অংশ নিলেও মূল লড়াই চলছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।
গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির ও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৩৯ ইউপির ভোট হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আওয়ামী লীগ ১০০১ ইউপিতে ও বিএনপি ১০৮ ইউপিতে চেয়ারম্যান পদ পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ২১৮ ইউপিতে।
প্রথম ধাপে ৭৪ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে এবং দ্বিতীয় ধাপে পড়েছে ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
ছয় ধাপের ভোটের জন্য ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়।
তৃতীয় ধাপে ৬১৫ ইউপির ভোট চলছে। চতুর্থ ধাপে ৭৪৩ টিতে ৭ মে ও পঞ্চম ধাপে ৭৩৩ ইউপির ভোট রয়েছে।
৪ জুন হবে ষষ্ঠ ধাপের ভোট।
