৬১৪ ইউপিতে ভোট, ইসিরও ‘পরীক্ষা’
নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৪৮ জেলার ৬১৪ ইউপিতে ভোট হবে শনিবার, যাকে সমালোচনায় বিদ্ধ নির্বাচন কমিশনের জন্য ‘ভাবমূর্তি রক্ষার অগ্নিপরীক্ষা’ বলছেন পর্যবেক্ষকরা।
বরাবরের মতোই সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে; নির্বাচনী এলাকায় থাকবে সাধারণ ছুটি।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কেন্দ্রে কেন্দ্রে শুক্রবারই আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ভোট আয়োজনের সব প্রস্তুতিও শেষ হয়েছে।
প্রথম দুই ধাপে সংঘাত-সহিংসতায় অন্তত ৪০ জনের প্রাণহাণির পরও ‘সুন্দর’ নির্বাচনের প্রত্যাশার কথা শুনিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, “উত্তরোত্তর ভোট ভালো হবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, গত দুই ধাপের চেয়ে শক্ত অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে এসে নিঃসংকোচে ভোট দিয়ে যান; আশা করি সুন্দর নির্বাচন হবে।”
অনিয়ম ঠেকাতে প্রয়োজনে কঠোর হতে ‘প্রধানমন্ত্রীর বার্তা’ পাওয়ার পর ক্ষমতাসীন দলের কর্মীদের সামলে রাখতে বলেছে ইসি। যেই অনিয়মে জড়িত হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার শাহনেওয়াজ।
তৃতীয় ধাপের ভোট তথ্য ভোট হবে ৪৮ জেলার ৮৭ উপজেলার ৬১৪ ইউপিতে। মোট ভোটার ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন। ছয় হাজার ৭২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা হবে ভোটগ্রহণ। চেয়ারম্যান পদে ২ হাজার ৬৭২ জন, সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ২৯৮ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন নির্বাচিত হয়েছেন। এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত থাকবেন ভোটের দায়িত্বে। |
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। জয়-পরাজয়ের সমীকরণে প্রথম দুই পর্বে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তুলনায় বিপুল ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
অবশ্য ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি নেতারা বলে আসছেন, আইনশৃঙ্খলার বাহিনীর সহায়তা নিয়ে ক্ষমতাসীনা ‘নির্বাচনের নামে প্রহসন’ করছে, যাতে ‘সহযোগিতা দিচ্ছে’ ইসি।
দ্বিতীয় ধাপের পর বর্জনের হুমকি দিলেও পরে নির্বাচন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিএনপির নেতারা বলেন, সরকারের ‘অনিয়ম তুলে ধরতেই’ তারা ভোটে থাকবেন।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, বিএনপি ইউপি নির্বাচনকে ‘বিতর্কিত’ করতে ‘পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা’ করছে।
ক্ষমতার রাজনীতির ‘দাবা খেলায়’ হেরে বিএনপি ‘অবিরাম নালিশের ভাঙা রেকর্ড’ বাজিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
দুই পর্বের ফল ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপি এবং দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৩৯ ইউপিতে ভোট হয়। দুই পর্ব মিলিয়ে আওয়ামী লীগ ১০০১ ইউপি ও বিএনপি ১০৮ ইউপিতে চেয়ারম্যান পদ পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ২১৮ ইউপিতে। প্রথম ধাপে ৭৪ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে; দ্বিতীয় ধাপে পড়েছে ৭৮ দশমিক ৪৬ শতাংশ। |
প্রথম দুই ধাপের ভোটের অভিজ্ঞতা মাথায় রেখে তৃতীয় ধাপের আগে নির্বাচন কমিশনের কথায় আশ্বস্ত হতে পারছেন না নির্বাচন পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনকে এবার ‘ভাবমূর্তি রক্ষায় গা ঝাড়া’ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ এর চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউপি ভোটের এখনো অর্ধেক পথ বাকি; এরইমধ্যে প্রায় অর্ধশত মানুষ মারা গেছে। এখন সময় এসেছে ইসির-গা ঝাড়া দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার।”
তিনি বলেন, ভোটের দিন সরেজমিনে পর্যবেক্ষণে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেতে হবে। তা না হলে সুষ্ঠু ভোট নিয়ে মানুষের সংশয় দূর করা যাবে না।
“ভোটের দিন হেলিকপ্টারে করে পরিদর্শনে যাওয়া নতুন নয়। ইসিকে বলবো, অন্তত গোলযোগ-অনিয়মের খবর পেলেই ছুটে যান। তাতে নিন্দিত না হয়ে নন্দিত হবেন।”
বর্তমান কমিশন শুরু থেকেই সমালোচনার মুখে ছিল মন্তব্য করে কলিমউল্লাহ বলেন, “বিদায়ের আগে (২০১৭ সালের ফেব্রুয়ারিতে) বড় পরিসরের শেষ ইউপি নির্বাচনটা ভালো করার চেষ্টা করতে হবে। সব ভালো তার, শেষ ভালো যার। অন্তত বাকি ধাপের ইউপি নির্বাচনটুকু ভালোভাবে আয়োজন করলে স্বস্তি নিয়ে যেতে পারে এ কমিশন।”
পর্যবেক্ষক সংগঠন ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ অবশ্য কলিমউল্লাহর মতো আশাবাদী নন।
তিনি বলছেন, বর্তমান ইসি মানুষের ‘আস্থা হারিয়েছে’। বাকি ধাপগুলোয় তারা ভালো কিছু করতে পারবে বলে ‘আশা করা যায় না’।
“ইতোমধ্যে ৪১ জন মানুষ মারা গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে শুধু একটি দলের। চেয়ারম্যান, সাধারণ ও সদস্য পদে পুরো ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড হচ্ছে। এমন কেন হচ্ছে তার বিশ্লেষণ ইসির কাছে নেই। তারা অভিযোগ আমলে নিচ্ছে না, তদন্তও করছে না।”
প্রথম ধাপে ২২ মার্চের নির্বাচনের আগে ৫৪ জন ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপের আগে ৩৪ জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর তৃতীয় ধাপে ২৫ জন যোগ দিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে। এ ধাপে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই ইউপিতে চেয়ারম্যান ও সদস্যের সব পদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০০৩ ও ২০১১ সালের ইউপি নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে ব্রতীর প্রধান নির্বাহী বলেন, “ইউপিতে সহিংসতা আগেও কম-বেশি হয়েছে। অনিয়মও হয়েছে। কিন্তু দলীয়ভাবে নির্বাচন হওয়ায় দলগুলোকে এখন সরাসরি দায় নিতে হবে।”
দল ও প্রার্থী তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মোট ১৪টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৪৮৭ জন। ১ হাজার ১৮৫ জন লড়ছেন স্বতন্ত্র হিসেবে। দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬২০ জন, বিএনপির ৫৩৯ জন, জাতীয় পার্টির ১৬৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ২৬ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯২ জন, জাতীয় পার্টি- জেপির ৩ জন, খেলাফত মজলিসের ২ জন, বিকল্পধারার ৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১০ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩ জন এবং বাসদের ১ জন ও অন্যান্য দলের ৪ জন। |
নির্বাচন কমিশন ‘কঠোর হওয়ার’ হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি সামলে রাখতে চাইলেও গত দুই পর্বে তা সম্ভব হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ দুই ধাপের ভোট শেষে কিছুটা অসন্তোষ নিয়ে বলেছিলেন, “দুয়েকটা ঘটনা সামগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে।”
ইউপি নির্বাচন ঘিরে এ পর্যন্ত একজন এসপি, অন্তত আট জন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একজন সাংসদের বিরুদ্ধে মামলা, একজন উপজেলা চেয়ারম্যান ও একজন মেয়রকে বরখাস্ত করা হয়েছে।
ছয় ধাপের এ ভোটের জন্য গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। ৪ জুন হবে ষষ্ঠ ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।
