২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থহীন ভোটে ‘সাক্ষী গোপাল’ ইসি: বিএনপি

তৃতীয় ধাপের ইউপি ভোটেও ব্যাপক অনিয়ম-কারচুপির অভিযোগ তুলে বিএনপি বলেছে, সুষ্ঠু ভোটের আশ্বাস দেওয়া নির্বাচন কমিশন এবারও ‘সাক্ষী গোপালের’ ভূমিকা পালন করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 06:28 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

কুমিল্লায় নিজেরা সিল মারায় দুই ভোট কর্মকর্তা আটক
ধানের শীষের কেউ নেই, নৌকার এজেন্ট সিলও মারছেন
অনিয়ম অব্যাহত থাকায় ‘ক্ষুব্ধ’ ইসি

শনিবার ৪৮ জেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোট শেষে শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল।

এরপর বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, “প্রথম ও দ্বিতীয় দফায় ব্যাপক কারচুপি-অনিয়মের বিষয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম। এবারও একই অভিযোগ জানিয়েছি। ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য সন্ত্রাসী-কারচুরি যা যা করা দরকার তা করা হয়েছে। প্রশাসন ও পুলিশ বাধা না দিয়ে তাদের সহায়তা করেছে।”

প্রায় সব ইউপিতে বিএনপির প্রার্থী-এজেন্টকে বাধা ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে তিনি বলেন, অনিয়মের জন্য এসব ইউপির ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে।

“এটা অর্থহীন নির্বাচন। এতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন নেই। জোর-জবরদস্তির এ নির্বাচনের সাক্ষী গোপাল ইসি।”

এদিকে ভোট শেষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই ধাপের নির্বাচনেও ক্ষমতাসীনরা ‘ভোট লুটপাটের খেলা’ খেলেছে।

সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ‘নির্দেশনার’ পরেও নির্বাচন কমিশন তার ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

“প্রধানমন্ত্রী এই নির্বাচনের সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি দেশবাসীর কাছে রসিকতা বলে মনে হয়েছে। সাংবিধানিকভাবে কমিশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সহায়তা চাইবে। সরকার তা দিতে বাধ্য। এখন উল্টো সরকার নির্বাচন কমিশনকে বলছেন, আর কমিশন নির্বিকার।”

নির্বাচন এখন সরকার সরকার ও নির্বাচন কমিশনের একটি ‘যৌথ খেলা’-বিষয়টি এরই মধ্যে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

নির্বাচনকে ‘উপহাসে’ পরিণত করা হয়েছে দাবি করে তিনি বলেন, “নির্বাচন কমিশন প্রাণঘাতী রক্তাক্ত সহিংসতা ঠেকাতে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। কারণ ভোট ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের এক হাতে টাকা, অন্য হাতে অস্ত্রের ঝলকানি; আর তাদের মাথায় আপা’র (শেখ হাসিনা) আশির্বাদ। যে আপা প্রধানমন্ত্রিত্বের গদি জোর করে দখল করে রেখেছে।

“এই সমস্ত গুণ্ডা-পাণ্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঝুঁকি নিচ্ছেন না নির্বাচন কমিশন। কারণ ঝুঁকি নিলে যদি চাকরি চলে যায়।”

এদিন ভোটে শরীয়তপুরের গোসাইরহাট, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার লাকসাম, বুড়িচং, আদর্শনগর, নারায়ণগঞ্জের এনায়েতনগর, চাঁদপুরের ফরিদগঞ্জ, ময়মনসিংহের নান্দাইল, গাজীপুরের শ্রীপুর, কক্সবাজারের চকোরিয়া, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, খাগড়াছড়ি, নোয়াখালীর চাটখিল, ঝিনাইদহের কালীগঞ্জ, মাগুরার শ্রীপুর, নীলফামারী, রংপুরের মিঠাপুকুর, নওগাঁর নিয়ামতপুর, জামালপুরের ইসলামপুর, বান্দরবানের সদর, লামা ও রুমা, চট্টগ্রামের ফটিকছড়ি, সুনামগঞ্জের দোয়ারাবাজার, মৌলভীবাজারের কুলাউড়া, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও জাল ভোটসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

তবে নির্বাচন কমিশনের ওপর ‘আস্থা’ হারালেও ভোটে থাকবে বিএনপি।  

এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “এখানে ইসির প্রতি আস্থা-অনাস্থার বিষয় নেই। আমরা ভোটে থাকব। কিন্তু নির্বাচন কমিশন কী করে তাও দেখব।”

অভিযোগ আমলে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আগামীতে আরও ‘কঠোর’ হওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রতিনিধি দলকে।

নজরুল বলেন, “সিইসি আগের মতোই বলেছেন, যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেসব কেন্দ্র বন্ধ করা হয়েছে। আপনারা ভোটে থাকেন, আগামীতে আরও কঠোর হব। আপনারা অপেক্ষা করেন, দেখছি।”

বিএনপিও তা দেখার অপেক্ষায় আছে জানিয়ে তিনি বলেন, “আমরাও সিইসিকে বলেছি- কারচুপির বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, যারা খুন করেছে, যারা আহত করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে ইসি, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কি না- তা দেখব। সিইসি দেখবেন বলেছেন, আমরা দেখার অপেক্ষায়।”