২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের শীষের কেউ নেই, নৌকার এজেন্ট সিলও মারছেন

তৃতীয় ধাপের ইউপি ভোটে সিরাজগঞ্জের একটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 11:54 AM

Updated : 11 Oct 2022, 08:07 PM

শনিবার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া কেন্দ্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিসহ অন্য সাংবাদিকদের সামনেই এই ঘটনা দেখা যায়। 

ওই কেন্দ্রের পাঁচটি বুথের কোথাও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর (ধানের শীষ প্রতীক) এজেন্টের দেখা মেলেনি।

কেন্দ্রের ১ নম্বর (পুরুষ) বুথের নৌকার এজেন্ট ফরিদ উদ্দিন প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “ভোটার সঠিকভাবে ভোট দিতে পারছে না, তাই সিলটি মেরে দিয়েছি।”

Image
ঘোড়া প্রতীকের কার্ডধারী এজেন্ট মাহমুদা খাতুন। তবে তিনি নিজেকে নৌকার এজেন্ট বলে দাবি করছেন।

ঘোড়া প্রতীকের কার্ডধারী এজেন্ট মাহমুদা খাতুন। তবে তিনি নিজেকে নৌকার এজেন্ট বলে দাবি করছেন।

বিধিবর্হিভুত এই কাজের বিষয়ে বুথে কর্তব্যরত পোলিং কর্মকর্তা শেখর চন্দ্র ঘোষ বলেন, “আপনি তো এই দেশেই থাকেন, সবই বোঝেন। কীভাবে সব হচ্ছে। আমাদের কী করার আছে।”

ধানের শীষ এজেন্টের অনুপস্থিতি সম্পর্কে ২ নম্বর  (পুরুষ) বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “সকালে ধানের শীষের এজেন্ট এসেছিল। এখন তো তাকে দেখছি না।”

৩ নম্বর (নারী) বুথেও ধানের শীষের এজেন্ট পাওয়া যায়নি। কিন্তু সেখানে শারমিন সুলতানা, রেবা খাতুন ও শ্যামলী খাতুন নামে নৌকার পক্ষে তিন এজেন্ট দায়িত্ব পালন করছিলেন।

বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রোকেয়া খাতুন বলেন, ধানের শীষের এজেন্ট সকাল থেকেই নেই।

নৌকার তিন এজেন্ট বিষয়ে বলেন, “এখানে শ্যামলী খাতুন মূলত নৌকার এজেন্ট। অন্যরা কীভাবে এল, বিষয়টি দেখছি।”

৪ নম্বর বুথে ‘ঘোড়া’ প্রতীকের কার্ড লাগিয়ে থাকা মিনারা খাতুন বলেন, “আমি নৌকার এজেন্ট।”

তবে তার পাশেই বসে ছিলেন নৌকার এজেন্ট হাসি খাতুন।

বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রমজান আলী বলেন, “ধানের শীষের এজেন্ট সকাল থেকেই আসেনি। নৌকার দুজন এজেন্টের বিষয়টি দেখছি।”

৫ নম্বর বুথের ‘ঘোড়া’ প্রতীকের কার্ডধারী মাহমুদা খাতুনও নিজেকে নৌকার এজেন্ট দাবি করেন।

পরিচয়পত্রে ঘোড়া প্রতীকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এগুলো জানি না। নবীদুল ভাই (নৌকার প্রার্থী) কার্ড করে দিয়েছি। দায়িত্ব পালন করছি।”

অসঙ্গতি বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “ধানের শীষের এজেন্ট কেন্দ্রে না এলে আমরা কী করব? আর নৌকার অতিরিক্ত এজেন্টের বিষয়টি দেখছি।”

Image
সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের অপেক্ষা। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের অপেক্ষা। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওই ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সহকারী উপ-পরিদর্শক মাহমুদুল হাবিব বলেন, “আমি একা মানুষ, সব কিছু কীভাবে নিয়ন্ত্রণ করব।”

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী নবীদুল ইসলাম বলেন, “ওই এলাকায় বিএনপির কোনো লোকই নাই। যে কারণে এজেন্ট নাই। যদি কেন্দ্রে অতিরিক্ত নৌকার এজেন্ট থেকে থাকে, সেটার ব্যর্থতা কেন্দ্রের কর্তব্যরতদের।”

ধানের শীষ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভাসান বলেন, “ওই কেন্দ্রে এজেন্ট দিয়েছিলাম। সকালেই তাদের বের করে দেওয়া হয়েছে।”

এছাড়া আরও তিনটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার এবং এক কর্মীকে মারধরের অভিযোগও করেন তিনি।

সয়দাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।