কুমিল্লায় নিজেরা সিল মারায় দুই ভোট কর্মকর্তা আটক
কুমিল্লায় ভোটের দায়িত্বে থেকে এক প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারায় দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।
এরা হলেন- রফিকুল ইসলাম ও শাহ আলম।
শনিবার ইউপি ভোট চলাকালে বুড়িচং উপজেলার পশ্চিম জগদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান।
তিনি নিজেই এই দুই ভোট কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এছাড়া সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লা সদর উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।
কুমিল্লা সদরের ২ নম্বর দূর্গাপুর (উত্তর) ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২টার দিকে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সেখানে দায়িত্বরত এএসআই ওয়াজি উল্লাহ বলেন, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
“এ সময় দুটি ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়।”
এর জের ধরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
এছাড়া সংঘর্ষের কারণে কুমিল্লা সদরের দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নের মদিনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড কেন্দ্র এবং জগন্নাথপুর ইউনিয়নের রঘুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
সকালে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আবদুল মান্নান নামের একজনকে আটক করে পুলিশে দেন জেলা নির্বাচন কর্মকর্তা।
ওই কেন্দ্রে সকালে বিএনপি ও আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে একই উপজেলার বাক্সমূল ইউনিয়নের কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজ কেন্দ্রেও।
এছাড়া সকালে কুমিল্লা সদরের পাস্তবি ইউনিয়নের সুবর্ণপুর কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ওই কেন্দ্রের একটি বুথ থেকে প্রায় সাড়ে পাঁচশ ব্যালট পেপার ছিনতাই হয় বলে সেখানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দু সাহা জানান।
ব্যালট ছিনতাই হয়েছে সদরের দুর্গাপুর ইউনিয়নের খেঁথাশাল কেন্দ্র থেকেও। এক সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকরা তিন ব্যালট বই ছিনিয়ে নেয় কর্মকর্তারা জানান।
