কুমিল্লায় ব্যালট ছিনতাই, সংঘর্ষে আহত ৩
কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং অন্য দুটিতে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
একটি কেন্দ্রে বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
কুমিল্লা সদর উপজেলার পাস্তবি ইউনিয়নে ভোটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দু সাহা জানান, শনিবার সকাল ৮টায় ভোট শুরুর ঘণ্টাখানেক পর সুবর্ণপুর কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ওই কেন্দ্রের একটি বুথ থেকে প্রায় সাড়ে পাঁচশ ব্যালট পেপার ছিনতাই হয়।
এছাড়া সদরের দূর্গাপুর ইউনিয়নের খেঁথাশাল কেন্দ্র থেকেও এক সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকরা ব্যালটের তিনটি বই ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
এদিকে ভোট শুরুর সময় বুড়িচং উপজেলার রাজাপুর ও বাক্সমূল ইউনিয়নের দুটি কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
পরে এ ঘটনায় তিনজনকে আটক করা হয় বলে তিনি জানান।
এছাড়া বাক্সমূল ইউনিয়নের কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজ কেন্দ্রেও বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
রাজাপুর ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে আব্দুল মান্নান নামে একজনকে আটক করা হয় বলেও জেলা নির্বাচন কর্মকর্তা জানান।
