সুন্দরবনের উপর চাপ কমাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র: সংসদীয় কমিটি
পরিবেশবাদীরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করলেও সংসদীয় একটি কমিটি দাবি করেছে, এই প্রকল্প সুন্দরবনের উপর মানুষের চাপ কমাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যুক্তি, এখন যারা জীবিকার প্রয়োজনে সুন্দরবনে যায়, রামপালে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘটলে তারা বনবিমুখ হবে।
গত ১৬-১৮ এপ্রিল এই সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্প এলাকা পরিদর্শনে পর এই পর্যবেক্ষণ জানায়।
বুধবার সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে তা তুলে ধরে বলেন, “সুন্দরবনে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ, কাঠ কাটতে এবং শিকার করতে যায়। এজন্য বাঘ ও কুমিরের আক্রমণ মোকাবেলা করতে হয়।
“রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনে মানুষের প্রবেশ কমে যাবে। কারণ এর ফলে তাদের জীবিকার নতুন ক্ষেত্র তৈরি হবে।”
রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে ৫০ হাজার মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ জীবিকার সংস্থান হবে বলে দাবি করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন প্রকল্প হিসেবে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নকশা
‘মৈত্রী সুপার থারমাল’ নামের এই বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের ইউনেস্কো ঘোষিত হেরিটেজ অংশ থেকে ৬৯ কিলোমিটার এবং সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হবে দাবি করে তার বিরোধিতা করছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুন্দরবনের সুরক্ষার কথা মাথায় রেখেই সেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তাজুল বলেন, ১৪ কিলোমিটারের মধ্যে প্রকল্প তৈরি হচ্ছে বলা হলেও বাস্তবে তা ১৮-২০ কিলোমিটার দূরে। যেখানে প্রকল্পটি হচ্ছে সেখানে বসতি নেই। আবাদী জমি অধিগ্রহণ করা লাগবে না। এটা উপযুক্ত জায়গা।
“পরিবেশের ক্ষতির কথা যেটা বলা হচ্ছে, সেখানে আমরা যেটা জেনেছি সেটা হলো আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে ঢাকার বাতাসে বর্তমানে যে সালফার ডাই অক্সাইড আছে, তার চেয়ে কম নির্গত হবে। এখানে ধরা হয়েছে, দশমিক ৫ থেকে দশমিক ৯ শতাংশ সালফার সমৃদ্ধ কয়লা ব্যবহার হবে।”
বিদ্যুৎ কেন্দ্র হলে এই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে বলে পরিবেশবাদীদের দাবি
সুন্দরবনসংলগ্ন এলকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বণ্যপ্রাণী বিশেষ করে বাঘের আবাসস্থল হুমকির মধ্যে পড়বে বলে পরিবেশবাদীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তাজুল বলেন, “আগে শুনতাম ৬০০ বাঘ আছে। এখন বলা হয় ১০৬টি। এখন তো বিদ্যুৎ কেন্দ্রও নেই। তাহলে বাঘ কীভাবে কমল?”
কয়লা পরিবহনে বনের ভেতর দিয়ে নৌযান চলাচলের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতির আশঙ্কাও নাকচ করেন তিনি।
“স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তা হলো বর্তমানে পশুর নদী দিয়ে ১০০টি জাহাজ আসা-যাওয়া করে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র হলে একটি হয়ত বাড়বে। এতে কী খুব বেশি ক্ষতি হবে?”
এই বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেন, “যারা এটা নিয়ে বিরোধিতা করছেন তারা দেশের কথা ভেবেই কথা বলছেন, দেশের ভালো চান বলেই তারা এ বিষয়ে উদ্বেগ দেখাচ্ছেন। কিন্তু সবার মধ্যে ধারণাটা স্পষ্ট নয়।”
গত মাসে ইউনেস্কোর প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন করে কোনো উদ্বেগ জানায়নি বলেও দাবি করেন তাজুল।
