২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিমের কোনো ‘ব্লগ’ পায়নি পুলিশ, মিলেছে ডায়েরি

নাজিমুদ্দিন সামাদকে হত্যার দায়িত্ব স্বীকার করে আল কায়দার নামে কথিত বার্তায় তাকে ‘ইসলামবিরোধী’ ব্লগার উল্লেখ করা হলেও তার কোনো ব্লগ খুঁজে পায়নি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 01:32 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

নাজিম হত্যায়ও আল-কায়েদা, দাবি সাইটের
‘হুমকি পেয়ে আত্মগোপনে’ও ছিলেন নাজিম
ব্যস্ত স্থানে নাজিমকে মেরে হেঁটে চলে যায় খুনিরা: প্রত্যক্ষদর্শী

নাজিম মূলত ফেইসবুকে লিখতেন এবং তাতে ধর্মান্ধতার সমালোচনা করলেও ইসলামের বিরুদ্ধে কোনো কথা পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের একটি ডায়েরি খুঁজে পেয়েছেন হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তারা। তাতে দেখা গেছে, সরকারের বিভিন্ন কাজের প্রশংসার পাশাপাশি সমালোচনাও করতেন তিনি।

সিলেট থেকে ঢাকায় আইন পড়তে আসা নাজিমকে (২৭) গত বুধবার রাতে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুর মোড়ে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে কয়েক দুর্বৃত্ত।

আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম ‘আল্লাহ, নবী মোহাম্মদ (সা.) ও ইসলামকে অবমামনা করায় প্রতিশোধ’ ব্লগার নাজিমকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের দাবি। 

সিলেটে নাজিমের স্কুল-কলেজের সহপাঠি গোলাম রাব্বী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাজিমুদ্দিন ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিল। বিভিন্ন প্রগতিশীল আন্দোলনেও যুক্ত ছিল।”

Image
নাজিমুদ্দিন সামাদ

নাজিমুদ্দিন সামাদ

সিলেটে গণজাগরণ আন্দোলনের কর্মী নাজিমের ফেইসবুক পাতার লেখায় ধর্মান্ধতার বিরুদ্ধে উচ্চারণ দেখা যায়।

নাজিম হত্যার মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক মিডিয়ায় নাজিমকে ব্লগার বলা হচ্ছে। কিন্তু নাজিম কোন ব্লগে লেখতেন, তা খুঁজে পাইনি। তাই তাকে ব্লগার বলায় আমার আপত্তি আছে।”

নাজিমের ফেইসবুক পাতা বিশ্লেষণ করেছেন জানিয়ে তিনি বলেন, “ফেইসবুকে তার অনেক লেখা পড়েছি। কিন্তু কোথাও ধর্মকে উস্কানি দিয়ে কিছু লিখেছে, এমন কিছু খুঁজে পাইনি।”

নাজিম গেন্ডারিয়ার রজনী চৌধুরী ঘোষ লেনের যে বাসায় এক বন্ধুর সঙ্গে থাকতেন, সেখান থেকে তার ডায়েরি সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তা। ডায়েরিটিতে ২০০৯ সাল থেকে লেখা শুরু করেন নাজিম।

ডায়েরিতে কী নিয়ে লিখেছেন- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা সমীর বলেন, “সবার সমালোচনা যেমন করতেন, আবার প্রশংসাও করতেন।”

ফেইসবুকে লেখায়ও সরকারের নানা কাজের সমালোচনা করতেন আওয়ামী লীগ সমর্থক নাজিম। কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনি গ্রেপ্তার না হওয়ায়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ডায়েরির লেখায় আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রশংসা করেন নাজিম। বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনেরও প্রশংসা করেন তিনি।

Image
নাজিমুদ্দিন সামাদের ডায়েরি

নাজিমুদ্দিন সামাদের ডায়েরি

 

২০১১ সালে ১৭ মে নাজিম লাল কালি দিয়ে তার ডায়েরিতে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে লিখেছেন, “নাহিদ ভাইয়ের কল্যাণে আমরা একটি শিক্ষানীতি পেলাম। শিক্ষার ক্ষেত্রে জাগরণ শুরু হয়েছে। শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ এখন সমানে সমান। কোথাও কোথাও বেশিও বটে। ধন্যবাদ শিক্ষামন্ত্রী নাহিদ ভাই।

“ধন্যবাদ এহসানুল হক মিলন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী। নকল বন্ধে যার অবদান অনস্বীকার্য।”

নাজিমের খুনি কে- সে বিষয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত টানেনি ‍পুলিশ। তবে গত কয়েক বছরে যে সব অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার খুন হয়েছেন, তার সব কটিতে সন্দেহের কেন্দ্রে জঙ্গিরা।

“কোনো কিছুই তদন্তের বাইরে রাখছি না। সমালোচনামূলক লেখালেখি, পারিবারিক- সবকিছু বিবেচনায় এনেই তদন্ত করা হচ্ছে,” বলেন নাজিম হত্যার তদন্ত কর্মকর্তা সমীর।