২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমকি পেয়ে আত্মগোপনে’ও ছিলেন নাজিম

ধর্মান্ধতার বিরুদ্ধে লেখালেখির কারণে ‘হুমকি পেয়ে সতর্ক’ থাকার পরও বাঁচতে পারলেন না অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 08:10 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

তার বন্ধুরা বলেছেন, হুমকি মাথায় নিয়ে কিছুদিন সিলেটের বিয়ানীবাজারে আত্মগোপনে ছিলেন নাজিম। দিন পনের নিজের ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ রেখেছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সিলেটের প্রথম সারির স্কুল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন সামাদ। ওই স্কুলে তার সহপাঠী ছিলেন সিলেট জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রাব্বি চৌধুরী।

শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাজিমুদ্দিন সামাদের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি। সে আমার বন্ধু। সে ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিল। বিভিন্ন প্রগতিশীল আন্দোলনেও যুক্ত ছিল।”

ফেব্রুয়ারিতে নাজিমের সঙ্গে শেষবার দেখা হয়েছিল গোলাম রাব্বির। সেসময় আলাপচারিতায় নিজের ‘চাপে’ থাকার কথা জানিয়েছিল তাকে। 

“সেসময় নাজিম বলেছিল সে কিছুটা চাপে আছে। তাই ফেইসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রেখেছে।”

তবে দিন পনের পর সামাদ আবারও ফেসবুকে সক্রিয় হয়ে ওঠেন বলে জানান রাব্বি।

বিয়ানীবাজারের প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও গণজাগরণ মঞ্চের স্থানীয় সংগঠক হাসান শাহরিয়ার বলেন, “নাজিম আমাকে বলেছিল বিভিন্ন সময়ে ফেইসবুকে ইনবক্স ও মোবাইল ফোনে তাকে প্রাণনাশের  হুমকি দেওয়া হয়েছে।”

শাহরিয়ার জানান, গত ৩০ অক্টোবর একইদিনে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুকে হত্যাচেষ্টার পর কিছুটা ভয় পেয়ে যান নাজিম। কিছুদিন পর তিনি বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে চলে যান। সেখানেই কিছুদিন আত্মগোপনে ছিলেন।

“পরিস্থিতি কিছুটা 'স্বাভাবিক' হয়ে এলে ২০ দিন পর ঢাকায় ফিরে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র।”

ধর্মান্ধতার বিরুদ্ধে লেখালেখির কারণে নাজিমের নিরপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন তার স্বজনরাও।

তার চাচাতো ভাই মামুন রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাজ্যে থাকা দুই ভাই নাজিমকে ফেইসবুকে লেখালেখি করতে বারণ করেছিলেন।

ঢাকার জগন্নাথে আইন বিভাগে ভর্তির আগে ২০১৩ সালে নাজিম ছিলেন সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেসময় গণজাগরণ মঞ্চের আন্দোলনে সব কর্মসূচিতে নাজিম সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন সিলেট মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফেইসবুকে তিনি সবসময় ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণেই হয়তো তিনি উগ্র মৌলবাদীদের শিকারে পরিণত হন।”

সবার সঙ্গে ‘ভালো সম্পর্ক থাকা’ নাজিমের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার লোকজনও।

তার গ্রামের বাড়ি ভরাউটের বাসিন্দা আব্দুল বাছিত বলেন, “সবার সাথেই সুসম্পর্ক ছিল তার।”

লিডিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় নাজিমকে নিয়ে গ্রামের লোকজনের ‘গর্ব’ও ছিল বলে জানান তিনি।